গত নয়মাসে হাজারেরও বেশি রাজনৈতিক সহিংসতায় মৃত্যু ৭৩, বাড়ছে মব ও সাংবাদিক নির্যাতন

Date: 2026-10-19
news-banner

চবি প্রতিনিধি

চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত নয়মাসে দেশে হাজারেরও বেশি রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেছে। এসব সহিংসতায় প্রাণ হারিয়েছেন ৭৩ জন। একই সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির পাশাপাশি মব সহিংসতা এবং সাংবাদিকদের ওপর হামলা ও নির্যাতনের ঘটনা বেড়েছে আশঙ্কাজনকভাবে।

রবিবার (১৯ অক্টোবর) মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির (এইচআরএসএস) প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। ১৬টি জাতীয় গণমাধ্যমে প্রকাশিত সংবাদ এবং নিজস্ব অনুসন্ধানের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।

সংগঠনটি জানায়, রাজনৈতিক সহিংসতা ও অভ্যন্তরীণ সংঘাতের ঘটনা ঘটেছে প্রায় ৪৬ শতাংশেরও বেশি। গত নয় মাসে দেশে অন্তত ১,০১৩টি রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ৭৩ জন নিহত হওয়ার পাশাপাশি আহত হয়েছেন ৬,৪৭৩ জন। গত বছরের একই সময়ে সহিংসতার ঘটনা ছিল ৬৯২টি। 


দলীয় রাজনীতি ও পারস্পরিক সংঘাতের বিষয়েএইচআরএসএস জানায়, সংঘটিত রাজনৈতিক সহিংসতার ৯১ শতাংশের বেশি ঘটনার পেছনে ছিল প্রধান দলগুলোর অভ্যন্তরীণ কোন্দল ও পারস্পরিক সংঘাত। এই নিহত ৭৩ জনের মধ্যে ৪৬ জন বিএনপির, ৮ জন জামায়াতে ইসলামীর, ৬ জন বাংলাদেশ আওয়ামী লীগের এবং বাকিরা অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাধারণ নাগরিক।

 এ ছাড়া দেশের বিভিন্ন স্থানে রাজনৈতিক আধিপত্য বিস্তার, দখলদারিত্ব, নির্বাচনী সংঘাত ও চাঁদাবাজিকে কেন্দ্র করে সহস্রাধিক ঘরবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান ও দলীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে জানায় সংগঠনটি।

মব সহিংসতা বৃদ্ধি নিয়ে এইচআরএসএস আরও জানায়, গত নয়মাসে সারাদেশে চুরি, ডাকাতি, ছিনতাই ও বিভিন্ন অহেতুক সন্দেহে অন্তত ৩৯৮টি গণপিটুনি ও মব সহিংসতার ঘটনা ঘটেছে। এসব নৃশংস হামলায় কমপক্ষে ১৮৭ জন মানুষ প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন ৪০১ জন। 

পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকদের উপর হামলার বিষয় তুলে ধরে হিউম্যান রাইট সাপোর্ট সোসাইটি এর প্রতিবেদনে বলা হয়, চলতি বছরে ২৮৮টি ঘটনায় ৫১৮ জন সাংবাদিককে নির্যাতন ও হয়রানির শিকার হতে হয়েছে। এসব ঘটনায় ২৯৭ জন সাংবাদিক সরাসরি আহত হয়েছেন, ৮৭ জন লাঞ্ছিত এবং ৭৭ জন নানা ধরনের হুমকির সম্মুখীন হয়েছেন। 

এ ছাড়া সাইবার নিরাপত্তা সংশ্লিষ্ট আইনি বিধানে ৫১ জন সাংবাদিকের বিরুদ্ধে ১৯টি মামলা দায়ের করা হয়েছে এবং অন্তত ২০ জন সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছে।

মানবাধিকারের সংকট পরিস্থিতি তুলে ধরে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির নির্বাহী পরিচালক ইজাজুল ইসলাম বলেন, "রাজনৈতিক রূপান্তর ও গণতান্ত্রিক প্রক্রিয়ার নানা উদ্যোগ সত্ত্বেও আইনের শাসন প্রতিষ্ঠা, মতপ্রকাশের স্বাধীনতা ও মানবাধিকার সুরক্ষায় এখনও বড় ধরনের চ্যালেঞ্জ রয়ে গেছে। মব সহিংসতার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, সাইবার আইনের অপব্যবহার বন্ধ, নারী-শিশু ও সংখ্যালঘুদের সুরক্ষা এবং স্বাধীন বিচারব্যবস্থা শক্তিশালী করা সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ।"
advertisement image

Leave Your Comments