বাঘা (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর বাঘা উপজেলার মনিগ্রাম ইউনিয়নের তুলশিপুর (খেড়ুর মোড়) গ্রামের গোরস্থানে মুসল্লি ও স্থানীয় মানুষের পানির প্রয়োজন মেটাতে একটি টিউবওয়েল স্থাপন করা হয়েছে। দ্বীনি ভাই ফাউন্ডেশনের উদ্যোগে জনকল্যাণমূলক এ কার্যক্রম বাস্তবায়ন করা হয়।
শনিবার (৩১ অক্টোবর ২০২৬) সকাল ১১টায় তুলশিপুর গোরস্থানে টিউবওয়েলটি স্থাপন করেন দ্বীনি ভাই ফাউন্ডেশনের সভাপতি আবু বকর সিদ্দিক জিব্রাইল।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী জেলা মজলিসে শুরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা মোহাম্মদ জিন্নাত আলী, রাজশাহী জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি ও চারঘাট উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা শফিকুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী বাঘা পৌরসভার সাবেক আমীর অধ্যাপক সাব্দার হোসেন এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ইঞ্জিনিয়ার রেজাউল করিম।
এ ছাড়া উপস্থিত ছিলেন মনিগ্রাম দাখিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মো. তহুরুল ইসলাম, দ্বীনি ভাই ফাউন্ডেশনের সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় উপস্থিত নেতৃবৃন্দ গোরস্থানে টিউবওয়েল স্থাপনের উদ্যোগকে স্বাগত জানান। তাঁরা বলেন, এ ধরনের জনকল্যাণমূলক ও মানবিক উদ্যোগ সাধারণ মানুষের প্রয়োজন পূরণের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা ও পারস্পরিক সহযোগিতার দৃষ্টান্ত তৈরি করে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার ওপর তাঁরা গুরুত্বারোপ করেন।
স্থানীয়রা জানান, গোরস্থানে টিউবওয়েল স্থাপনের ফলে জানাজা ও দাফন কার্যক্রমে অংশ নিতে আসা মুসল্লি, স্বজন এবং গোরস্থানে নিয়মিত যাতায়াতকারীরা প্রয়োজনীয় পানি ব্যবহারের সুবিধা পাবেন। এতে দীর্ঘদিনের পানির প্রয়োজন মেটানোর পাশাপাশি স্থানীয় মানুষের ভোগান্তিও কমবে।