সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী জেলা প্রতিনিধি
নরসিংদীর শিবপুরে পুলিশের বিশেষ অভিযানে প্রাইভেটকার থেকে ১৯৮ বোতল নিষিদ্ধ কোডিনযুক্ত কাফ সিরাপ (ফেনসিডিল) উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ইমন মিয়া (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হলেও তাঁর তিন সহযোগী পালিয়ে গেছেন।
শুক্রবার (৯ অক্টোবর) রাত ১০টা ২০ মিনিটে শিবপুর উপজেলার শাষপুর শহীদ মিনারসংলগ্ন ঢাকা-সিলেট মহাসড়কে এ অভিযান চালানো হয়। শিবপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. আব্দুল কাইয়ুমের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ইমন মিয়াকে আটক করা হয়। এ সময় তাঁর সহযোগী আরমান খন্দকার (৩২), নাহিদ হাসান (২০) ও সালমান খন্দকার (৩০) পালিয়ে যান। পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে সিলভার রঙের একটি টয়োটা প্রাইভেটকারে (ঢাকা মেট্রো-গ-২৭-৮০৫১) তল্লাশি চালানো হয়। গাড়ির ডালার ভেতরে দুটি প্লাস্টিকের বস্তায় লুকানো অবস্থায় ১৯৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কোহিনুর মিয়া জানান, অভিযুক্ত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে ওই গাড়ি ব্যবহার করে গোপনে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন বলে পুলিশের কাছে তথ্য রয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার ও পলাতক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় শিবপুর মডেল থানায় মামলা করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।