১৭ দিনের সম্পর্ক, প্রেমিকের সঙ্গে দেখা করতে কক্সবাজারে স্কুলছাত্রী

Date: 2026-10-10
news-banner

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লায় ধর্ষণের পর হত্যার শিকার সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিন ফেসবুকের মাধ্যমে পরিচয় হওয়া রাজু চৌধুরী (২০) নামে এক যুবকের ডাকে সাড়া দিয়ে কক্সবাজার গিয়েছিল। রাজু সেখানে একটি আবাসিক হোটেলে চাকরি করেন। তাদের পরিচয় থেকে সম্পর্ক গড়ে ওঠে মাত্র ১৭ দিনে। চার দিন নিখোঁজ থাকার পর বুধবার (৭ অক্টোবর) রাতে কক্সবাজার থেকে বাসে করে কুমিল্লায় ফেরে তাজমিন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা প্রবেশমুখ পদুয়ারবাজার বিশ্বরোডের হোটেল নূরজাহানের সামনে আইকনিক এক্সপ্রেসের বাস থেকে তার নামার দৃশ্য সিসিটিভি ফুটেজে ধরা পড়ে। সেখান থেকে রেসকোর্স এলাকার বাসায় যাওয়ার জন্য সিএনজিচালিত অটোরিকশা ভাড়া করে সে। পথে অটোরিকশাচালক মো. সুমন মিয়া (৩৫) তাকে ধর্ষণের পর গলায় গামছা পেঁচিয়ে হত্যা করেন বলে জানিয়েছে পুলিশ।


বৃহস্পতিবার সকালে কুমিল্লার লালমাই উপজেলার জগতপুর গ্রামের একটি ধানখেত থেকে তাজমিনের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার সুমন আদালতে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ। কক্সবাজারের কক্সেস প্যানারেমিক ট্রাভেল অ্যান্ড ট্যুর এজেন্সির কর্মী আবদুল্লাহ শনিবার রাতে গণমাধ্যমকে জানান, মঙ্গলবার (৬ অক্টোবর) রাত ৮টার পর তাজমিন ও তার বন্ধু রাজু বাসের টিকিট কাটতে তাদের কাউন্টারে আসেন। তখন তাদের সাধারণ যাত্রী হিসেবেই মনে হয়েছিল। আবদুল্লাহ জানান, পরদিন বুধবারের বাসের একটি টিকিট কাটেন রাজু। বুধবার দুপুর ১২টার দিকে আইকনিক এক্সপ্রেসের বাসটি কুমিল্লার উদ্দেশে কক্সবাজার ছাড়ে। রাতে বাসটি পদুয়ারবাজার বিশ্বরোডের হোটেল নূরজাহানে পৌঁছায়।


তাজমিন হত্যার ঘটনা জানার পর আবদুল্লাহ বিষয়টি নিয়ে খোঁজখবর নেন। সিসিটিভি ফুটেজ ও অন্যান্য তথ্যের ভিত্তিতে বাসে যাওয়া মেয়েটিকে তাজমিন হিসেবে শনাক্ত করেন। পুলিশ তার কাছে তথ্য চাইতে পারে এমন ধারণা থেকে তিনি আগে থেকেই বিষয়টি নিয়ে প্রস্তুতি নেন। পরে জানতে পারেন, তাজমিনের সঙ্গে কক্সবাজার যাওয়া রাজু হত্যাকাণ্ডে জড়িত নন। পুলিশও জানিয়েছে, এ ঘটনায় অভিযুক্ত হত্যাকারী অটোরিকশাচালক সুমন মিয়া। তাজমিনের মা কেয়া খাতুন সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার বিকেলে মেয়ের সঙ্গে তার শেষ কথা হয়। তখন তাজমিন জানিয়েছিল, সে এক বান্ধবীর সঙ্গে আছে। মেয়েকে সেখান থেকে নিয়ে আসতে চেয়েছিলেন তিনি। এ জন্য বান্ধবীর নাম ও তার মা-বাবার পরিচয় জানতে চান। কিন্তু তাজমিন কিছু জানায়নি।

মেয়ের বন্ধুবান্ধব নিয়ে আগে থেকেই উদ্বিগ্ন ছিলেন কেয়া খাতুন। কোনো অঘটন ঘটতে পারে—এমন আশঙ্কায় প্রায় ছয় মাস মেয়েকে স্কুলে যেতে দেননি তিনি। মেয়ের চলাফেরা ও বন্ধুত্বের বিষয়ে খোঁজ রাখতেন। এত সতর্কতার পরও মেয়েকে রক্ষা করতে পারেননি তিনি।


তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, তাজমিনের মা যে বান্ধবীকে নিয়ে সন্দেহ প্রকাশ করছেন, তার বয়স তাজমিনের চেয়ে বেশি। তবে হত্যাকাণ্ডে ওই বান্ধবী বা তার পরিবারের সম্পৃক্ততার কোনো তথ্য এখনো পাওয়া যায়নি। কর্মকর্তাদের ভাষ্য, তাজমিন মোবাইল গেম, বিশেষ করে পাবজিতে আসক্ত ছিল। তাজমিনের শিক্ষক সাদ বিন এরশাদ বলেন, ‘আমি তাকে দীর্ঘদিন পড়িয়েছি। সে খুবই চঞ্চল স্বভাবের ছিল। তার মা অসুস্থ হলে দুই যমজ ছোট ভাইয়ের দেখভাল করত তাজমিন। তার বাবা একটি ওষুধ কোম্পানিতে চাকরি করতেন। এ কারণে তার বাবা সকালে বাসা থেকে বের হলে রাতে ফিরতেন। তবে বাবা তাজমিনকে খুব আদর করতেন। ঘরে রাগ হলে সে হুটহাট করে বাসা থেকে বের হয়ে যেত।’


পুলিশ জানায়, বুধবার রাত সাড়ে ১২টার দিকে কক্সবাজার থেকে আসা বাস থেকে পদুয়ারবাজারের হোটেল নূরজাহানের সামনে নামে তাজমিন। এরপর বাসায় যাওয়ার জন্য সিএনজিচালিত অটোরিকশা ভাড়া করে সে। পুলিশের ভাষ্য, পথে সুমন তাকে নির্জন স্থানে নিয়ে ধর্ষণের পর হত্যা করেন। গ্রেপ্তারের পর তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। সচেতন নাগরিক কমিটি (সনাক) কুমিল্লার সাবেক সভাপতি শাহ মো. আলমগীর খান মনে করেন, রাজুর সঙ্গে তাজমিনের সম্পর্ক না থাকলে হয়তো তাকে কক্সবাজার যেতে হতো না। সে ক্ষেত্রে এমন বিপদের মুখেও পড়তে হতো না তাকে।

advertisement image

Leave Your Comments