১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে নতুন অনিশ্চয়তা

Date: 2026-10-08
news-banner

শিক্ষা ডেস্ক


বেসরকারি স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের কার্যক্রম প্রায় তিন বছর ধরে স্থবির হয়ে আছে। শিক্ষক সংকট নিরসনে চলতি অক্টোবরের মধ্যে ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের কথা জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তবে চলতি মাসে এ বিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাবনা নেই বলে জানা গেছে।


বৃহস্পতিবার (৮ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের একটি সূত্র জানায়, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগের মৌখিক পরীক্ষা শুরু হবে আগামী ২১ অক্টোবর থেকে। প্রথমবারের মতো এ নিয়োগ কার্যক্রম নিয়ে ব্যস্ত সময় পার করছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। ফলে এ মুহূর্তে নতুন করে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাবনা নেই।


সূত্রের তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগের মৌখিক পরীক্ষা শেষ হওয়ার পর নতুন শিক্ষক নিয়োগ কার্যক্রম শুরু করার পরামর্শ দিয়েছেন মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের কর্মকর্তারা। সে হিসেবে মৌখিক পরীক্ষা শেষ হওয়ার পর ১৯তম শিক্ষক নিবন্ধন অথবা ৯ম শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাবনা বেশি।


এ ছাড়া নতুন শিক্ষক নিবন্ধনে বেশ কিছু পরিবর্তন আনার পরিকল্পনা রয়েছে। এসব পরিবর্তনের কাজ শেষ করতেও সময় লাগবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। নাম প্রকাশ না করার শর্তে শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, ১৯তম শিক্ষক নিবন্ধন বা ৯ম শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তিতে ভাইভা বা মৌখিক পরীক্ষার নম্বর বাড়ানোর পরিকল্পনা করা হয়েছে। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।


তিনি বলেন, মৌখিক পরীক্ষার নম্বর বাড়াতে হলে পৃথক প্রজ্ঞাপন জারি করতে হবে। ফলে নতুন শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশে কিছুটা সময় লাগতে পারে।

চলতি অক্টোবর মাসে বিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাবনা আছে কি না জানতে চাইলে ওই কর্মকর্তা বলেন, ‘সম্ভাবনা নেই। তবে সরকারের উচ্চপর্যায় থেকে নির্দেশনা এলে পরিস্থিতি ভিন্ন হতে পারে।’

advertisement image

Leave Your Comments