ইরান যুদ্ধ শুরুর পর হরমুজে ট্যাংকারে হামলার রেকর্ড

Date: 2026-10-08
news-banner

আন্তর্জাতিক ডেস্ক

ইরান যুদ্ধ শুরুর পর গত সপ্তাহে হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জ্বালানি ট্যাংকারে সবচেয়ে বেশি হামলার ঘটনা ঘটেছে। সমুদ্রপথের নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণকারী বিভিন্ন সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে রয়টার্স।


সূত্রগুলোর তথ্য অনুযায়ী, ২৮ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত এক সপ্তাহে হরমুজ প্রণালির আশপাশে জ্বালানি তেল, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ও তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বহনকারী ট্যাংকারে অন্তত ১২টি হামলার ঘটনা ঘটেছে। সূত্রগুলো জানিয়েছে, ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধ শুরুর পর কোনো এক সপ্তাহে ট্যাংকারে হামলার এটিই সর্বোচ্চ সংখ্যা। মার্কিন নৌবাহিনীর নেতৃত্বাধীন জয়েন্ট মেরিটাইম ইনফরমেশন সেন্টার (জেএমআইসি) গত রোববার এক নোটে জানিয়েছে, হরমুজ প্রণালিতে হামলা, হামলার চেষ্টা ও বিভিন্ন ধরনের হয়রানি অব্যাহত রয়েছে। এসব কর্মকাণ্ডের মধ্যে ড্রোনের ব্যবহার, নজরদারি এবং ভিএইচএফ রেডিওর মাধ্যমে জাহাজের সঙ্গে যোগাযোগের চেষ্টাও রয়েছে।


জেএমআইসির দাবি, এসব কর্মকাণ্ডের সঙ্গে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জড়িত। সংস্থাটির মতে, গুরুত্বপূর্ণ এই নৌপথে ইরানের উপস্থিতি বজায় রাখা এবং চলাচলকারী জাহাজগুলোর ওপর চাপ অব্যাহত রাখার ইচ্ছারই এসব ঘটনা প্রমাণ দেয়। এদিকে জাতিসংঘের নৌপরিবহন সংস্থা ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন (আইএমও)-এর আলাদা তথ্যেও একই সপ্তাহে জাহাজ সংশ্লিষ্ট নয়টি ঘটনার কথা উঠে এসেছে। সমুদ্রপথের নিরাপত্তা-সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, কোনো ঘটনা যাচাই করে আনুষ্ঠানিকভাবে নথিভুক্ত করতে আইএমও সাধারণত কিছুটা বেশি সময় নেয়। আইএমওর তথ্য অনুযায়ী, এর আগে তুলনামূলকভাবে কাছাকাছি সময়ে সবচেয়ে বেশি ঘটনা ঘটেছিল ১৩ জুলাই শুরু হওয়া সপ্তাহে। ওই সপ্তাহে আটটি ঘটনা নথিভুক্ত করা হয়েছিল।


এদিকে গত সোমবার প্রকাশিত জাহাজ চলাচলের তথ্য বলছে, সেপ্টেম্বরের প্রায় অর্ধেক সময় উপসাগরীয় দেশগুলোর জ্বালানি তেল রফতানি যুদ্ধ শুরুর আগের মাত্রা ছাড়িয়ে গিয়েছিল। তবে ট্যাংকারে হামলা এবং সরবরাহ ব্যবস্থার বিভিন্ন সীমাবদ্ধতার কারণে দীর্ঘমেয়াদে এই বাড়তি রফতানি ধরে রাখা যাবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। হরমুজ প্রণালিতে হামলার ঘটনায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে জ্বালানি পরিবহন নিরাপত্তা নিয়েও। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় গত মঙ্গলবার জানিয়েছে, প্রণালি দিয়ে যাওয়ার সময় অজ্ঞাত একটি ক্ষেপণাস্ত্র বা অন্য কোনো নিক্ষেপযোগ্য বস্তু পানামার পতাকাবাহী তেলবাহী জাহাজ ‘অন পিস’-এ আঘাত হানে। এতে জাহাজটির ১২ জন ক্রু আহত হয়েছেন।


বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালিতে নিরাপত্তা পরিস্থিতির অবনতি হলে এর প্রভাব আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ও বাজারেও পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

advertisement image

Leave Your Comments