আন্তর্জাতিক ডেস্ক
ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে চলমান প্রতিবাদের মধ্যে নয়াদিল্লি ও হজরত নিজামুদ্দিন স্টেশনগামী একাধিক মেল ও এক্সপ্রেস ট্রেন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল। শনিবার (১০ অক্টোবর) ভোর থেকে দুপুর পর্যন্ত ওই দুই স্টেশনে পৌঁছানোর কথা ছিল ট্রেনগুলোর।
শুক্রবার রেলের জারি করা এক নির্দেশিকায় এ তথ্য জানানো হয়। নির্দেশনা অনুযায়ী, শুক্রবার দুপুর ২টার পর যাত্রার প্রারম্ভিক স্টেশন থেকে ছেড়ে শনিবার ভোর ৪টা থেকে দুপুর ২টার মধ্যে নয়াদিল্লি ও হজরত নিজামুদ্দিন স্টেশনে পৌঁছানোর কথা ছিল—এমন ট্রেনগুলো বাতিল করা হবে। রেলের কোচিং ডিরেক্টরেটের নির্দেশিকায় বলা হয়েছে, সংশ্লিষ্ট দুই স্টেশনের আশপাশের সড়কে তীব্র যানজটের আশঙ্কা রয়েছে। এ পরিস্থিতি বিবেচনায় ট্রেন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে কয়েক দিন ধরে নয়াদিল্লিতে প্রতিবাদ কর্মসূচি চলছে। এর ধারাবাহিকতায় শনিবার যন্তর মন্তরে জমায়েতের ডাক দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি) ও কয়েকটি ছাত্র সংগঠন। কর্মসূচিকে ঘিরে রাজধানীতে যানজট ও নিরাপত্তা-সংক্রান্ত সমস্যা তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পূর্ব রেল জানিয়েছে, হাওড়া-নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেস এবং শিয়ালদহ-নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেসও বাতিল করা হয়েছে। শুক্রবার যাত্রা শুরুর কথা ছিল ট্রেন দুটির। তবে প্রতিবাদ কর্মসূচির সঙ্গে ট্রেন বাতিলের সিদ্ধান্তের সরাসরি কোনো সম্পর্ক রয়েছে কি না, রেলের নির্দেশিকায় তা স্পষ্ট করা হয়নি।