ধর্ষণের পর গামছা পেঁচিয়ে শ্বাসরোধে তাজমিনকে হত্যা পুলিশ

Date: 2026-10-10
news-banner

নিজস্ব প্রতিবেদক


কুমিল্লায় সপ্তম শ্রেণির ছাত্রী জান্নাতুল তাজমিনকে ধর্ষণের পর গলায় গামছা পেঁচিয়ে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় গ্রেপ্তার সিএনজিচালিত অটোরিকশাচালক সুমন একাই জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।


শনিবার (১০ অক্টোবর) সকাল ১০টায় জেলা পুলিশ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার পঙ্কজ বড়ুয়া। পুলিশ জানায়, গত ৭ অক্টোবর রাত সাড়ে ১২টার দিকে কক্সবাজার থেকে আসা বাস থেকে কুমিল্লার পদুয়ারবাজারের হোটেল নূরজাহানের সামনে নামেন তাজমিন। সেখান থেকে নগরীর রেসকোর্স এলাকার বাসায় ফেরার জন্য তিনি একটি সিএনজিচালিত অটোরিকশা ভাড়া করেন। চালক সুমন তাঁকে গন্তব্যে না নিয়ে ভিন্ন পথে নিয়ে যান। পরে তাঁকে ধর্ষণের পর গলায় গামছা পেঁচিয়ে হত্যা করা হয় বলে পুলিশের ভাষ্য।


অতিরিক্ত পুলিশ সুপার পঙ্কজ বড়ুয়া জানান, গভীর রাতে অটোরিকশায় থাকা অবস্থায় তাজমিন পথ পরিবর্তনের বিষয়টি বুঝতে পেরে তাঁর বাবার কাছে লাইভ লোকেশন পাঠান এবং হোয়াটসঅ্যাপে বার্তা দিয়ে তাঁকে নিয়ে যেতে বলেন। তবে বাবা ঘুমিয়ে থাকায় তখন বার্তাটি দেখতে পাননি। পুলিশের তথ্য অনুযায়ী, অটোরিকশাটি বিজরা হয়ে রসুলপুর ও শিকারীপাড়া দিয়ে লালমাই উপজেলার জগতপুর এলাকায় যায়। সেখানেই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।


গত ৮ অক্টোবর সকালে লালমাই উপজেলার জগতপুর গ্রামের একটি ধানক্ষেত থেকে তাজমিনের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে তাঁর পরিচয় শনাক্ত করা হয়। ঘটনাস্থলের পাশে থাকা সিএনজিচালিত অটোরিকশাটিও জব্দ করা হয়। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে অটোরিকশাচালক সুমনকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাঁকে জিজ্ঞাসাবাদে দেওয়া তথ্যের ভিত্তিতে তাজমিনের ব্যবহৃত আইফোন উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।


নিহত তাজমিন যশোর সদর উপজেলার ছাতিয়াতলা গ্রামের আব্দুল আলিমের মেয়ে। সে কুমিল্লা নগরীর ফরিদা বিদ্যায়তন স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। স্কুল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, চলতি বছরের ফেব্রুয়ারি থেকে সে আর স্কুলে যাচ্ছিল না। তার বাবা আব্দুল আলিম রেনেটা ওষুধ কোম্পানির কুমিল্লা অঞ্চলে কর্মরত। পরিবারটি নগরীর রেসকোর্স এলাকায় একটি ভাড়া বাসায় থাকত।


এর আগে ৪ অক্টোবর সকালে বান্ধবীর বাসায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়েছিল তাজমিন। ৭ অক্টোবর রাত ২টা ৫৮ মিনিটে বাবার হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশন পাঠিয়ে তাঁকে নিয়ে যাওয়ার অনুরোধ জানায় সে। এর কয়েক ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় তাজমিনের বাবা আব্দুল আলিম বাদী হয়ে লালমাই থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা করেন। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্ত ও তদন্তের অন্যান্য তথ্যের ভিত্তিতে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

advertisement image

Leave Your Comments