দীর্ঘ প্রতীক্ষার পর দৃশ্যমান বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনের ফুটওভার ব্রিজ

Date: 2026-11-18
news-banner

বরিশাল সদর  প্রতিনিধি


বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) সামনে ঢাকা-পটুয়াখালী মহাসড়কে অবশেষে দৃশ্যমান হয়েছে বহুল প্রত্যাশিত ফুটওভার ব্রিজ। শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি, একাধিক আন্দোলন এবং নানা জল্পনা-কল্পনার পর ব্রিজটির নির্মাণকাজ দৃশ্যমান হওয়ায় স্বস্তি ফিরেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে।


বিশ্ববিদ্যালয়ের সামনে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবি দীর্ঘদিনের। তবে ২০২৪ সালের ৩০ অক্টোবর রাতে বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের পরিসংখ্যান ও উপাত্ত বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাইশা ফাওজিয়া মিম ঢাকা-পটুয়াখালী মহাসড়ক পার হওয়ার সময় বাসচাপায় নিহত হওয়ার ঘটনার পর দাবিটি আরও জোরালো হয়ে ওঠে। ওই মর্মান্তিক দুর্ঘটনার পর শিক্ষার্থীদের মধ্যে নিরাপদ সড়ক পারাপারের বিষয়টি নতুন করে গুরুত্ব পায়।


এদিকে বিশ্ববিদ্যালয়ের সামনের মহাসড়কে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে বলে অভিযোগ শিক্ষার্থীদের। নিরাপদে সড়ক পারাপারের ব্যবস্থা নিশ্চিত করার দাবিতে বিভিন্ন সময়ে একাধিকবার মহাসড়ক অবরোধসহ নানা কর্মসূচি পালন করেন তাঁরা। 


এসব আন্দোলনের সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে ফুটওভার ব্রিজ নির্মাণের আশ্বাস দেওয়া হলেও দীর্ঘদিন ধরে দৃশ্যমান কোনো অগ্রগতি না থাকায় শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়।


অবশেষে দীর্ঘ প্রতীক্ষা ও আন্দোলনের ধারাবাহিকতায় বিশ্ববিদ্যালয়ের সামনের ফুটওভার ব্রিজটির নির্মাণকাজ দৃশ্যমান হয়েছে। শিক্ষার্থীরা আশা করছেন, ব্রিজটি চালু হলে মহাসড়ক পারাপারে দুর্ঘটনার ঝুঁকি কমবে এবং তাঁদের নিরাপত্তা নিশ্চিত হবে।


এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী নাঈম ইসলাম বলেন, “এই ফুটওভার ব্রিজ হচ্ছে আমাদের দীর্ঘ আন্দোলনের ফল। আমরা মনে করি, ফুটওভার ব্রিজ ব্যবহারের ফলে সড়ক দুর্ঘটনার ঝুঁকি থেকে শিক্ষার্থীরা স্বস্তি অনুভব করবে। এমন উন্নয়নমূলক উদ্যোগ আরও দেখতে চাই।”


গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী  মোঃ সামিউল ইসলাম সিফাত বলেন , "যেহেতু  বিশ্ববিদ্যালয়ের সামনে  একটি মূল সড়ক  তাই অনেক সময় দুর্ঘটনার আশঙ্কা থাকে । আমার এই মনে হয় ফুটওভার ব্রিজটি সেই আশঙ্কাকে অনেকটা কমিয়ে দিবে । "


বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর  মেহেদী হাসান সোহাগ জানান "বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসনের মূল লক্ষ্য হলো শিক্ষার্থীদের নিরাপদ নিশ্চিত করা।​এটি বাস্তবায়নে বিশ্ববিদ্যালয় প্রশাসন স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করছে।


​স্থানীয় প্রশাসন খুবই সহযোগিতাপূর্ণ ও প্রতিশ্রুতিবদ্ধ, এবং তারা খুব দ্রুত সময়ের মধ্যে ফুটওভার ব্রিজের কাজ শেষ করবে।
​কাজ শেষ হলে এই স্থানটিকে শিক্ষার্থীদের জন্য নিরাপদ হিসেবে ঘোষণা করা হবে।"


দীর্ঘদিনের দাবির পর ফুটওভার ব্রিজের নির্মাণকাজ দৃশ্যমান হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে আশার সঞ্চার হয়েছে। তবে তাঁদের প্রত্যাশা, দ্রুত নির্মাণকাজ সম্পন্ন করে ব্রিজটি সবার ব্যবহারের জন্য উন্মুক্ত করা হবে।

advertisement image

Leave Your Comments