খুলনায় উৎসবমুখর পরিবেশে ফুলকুঁড়ি আসরের ৫২ বছরের পথচলা উদযাপন

Date: 2026-10-30
news-banner
আমিনুর ইসলাম প্রতিবেদক

বহু আয়োজন, আনন্দ-উচ্ছ্বাস ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে জাতীয় শিশুকিশোর সংগঠন ফুলকুঁড়ি আসর খুলনা মহানগরী শাখার ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী।
আজ (৩০ অক্টোবর) সকাল ১০টা ৩০ মিনিটে খুলনা জেলা শিল্পকলা একাডেমিতে এ উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে পুরস্কার বিতরণী, অতিথিদের বক্তব্য, সাংস্কৃতিক পরিবেশনা এবং বিভিন্ন প্রতিযোগিতার মধ্য দিয়ে দুপুর ১২টা ৩০ মিনিটে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব নজরুল ইসলাম মঞ্জু। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ফুলকুঁড়ি আসরের কেন্দ্রীয় প্রধান পরিচালক মুজাহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক জনাব ইরুফা সুলতানা।
এছাড়াও উপস্থিত ছিলেন ফুলকুঁড়ি আসর খুলনা মহানগরী শাখার পরিচালক মো. সাব্বির আহমেদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অগ্রপথিক জায়ান আমিন, অগ্রপথিক নাকিব হাসান স্বাধীন এবং শাখার সহকারী পরিচালক আবু হানিফ জাকারিয়া।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত হয় চিত্রাঙ্কন প্রতিযোগিতা, উপস্থিত বক্তৃতা, ফুটবল টুর্নামেন্ট, 10-TC এবং মাইন্ড ম্যারাথন সিজন-৩ প্রতিযোগিতা। পাশাপাশি গান, কবিতা আবৃত্তি ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠানে ভিন্ন মাত্রা যোগ করে। প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
নগরীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আগত শিশুকিশোর, অভিভাবক ও সংগঠনের শুভাকাঙ্ক্ষীদের অংশগ্রহণে পুরো আয়োজন পরিণত হয় এক উৎসব মুখর পরিবেশ।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা ফুলকুঁড়ি আসরের দীর্ঘ পথচলা ও কার্যক্রমের প্রশংসা করে নিজেদের অভিব্যক্তি প্রকাশ করেন। তাঁরা শিশুকিশোরদের মেধা, মনন, সৃজনশীলতা ও নৈতিক মূল্যবোধ বিকাশে সংগঠনটির কার্যক্রমের ধারাবাহিকতা কামনা করেন এবং ফুলকুঁড়ি আসরের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি প্রত্যাশা করেন।
৫২ বছরের গৌরবময় পথচলার উদযাপনে এবারের আয়োজন শুধু একটি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানই নয়, বরং শিশুকিশোরদের প্রতিভা বিকাশ, সৃজনশীলতা চর্চা এবং সুন্দর আগামী গড়ার প্রত্যয়ে এক আনন্দঘন মিলনমেলায় পরিণত হয়েছে বলে মনে করেন অনুষ্ঠানে আসা অভিভাবকবৃন্দ।


advertisement image

Leave Your Comments