শেকৃবি প্রতিনিধি
রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) পুরাতন বাণিজ্য মেলার মাঠকে ফিরে পাওয়ার আন্দোলন করছে শিক্ষার্থীরা। এদিন তারা কৃষিমন্ত্রীর গাড়ি আটকে তাকে বিদ্যমান সমস্যার কথা অবহিত করে এবং সমাধানের অনুরোধ জানায়।
রবিবার (১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে জড়ো হয়ে শিক্ষার্থীরা পরে বিক্ষোভ মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয় প্রদক্ষিণ করে আগারগাঁওয়ের চীন মৈত্রী সিগন্যালে গিয়ে সড়ক অবরোধ করেন। এ সময় সচিবালয় স্থানান্তরের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেন শিক্ষার্থীরা। অবরোধের কারণে ওই এলাকায় প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
শেকৃবির পুরাতন বাণিজ্য মেলার মাঠে সচিবালয় স্থাণান্তরের প্রতিবাদ এবং মাঠটি বিশ্ববিদ্যালয়ের গবেষণা মাঠ হিসেবে ফিরিয়ে দেয়ার দাবিতে টানা চতুর্থ দিনের মত আন্দোলন চালিয়ে যাচ্ছে শিক্ষার্থীরা। আন্দোলনের প্রথম দিন তারা মেলা বন্ধের নির্দেশ দেয় এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে মাঠ ফিরিয়ে আনার কার্যক্রমের ব্যপারে জবাবদিহিতা চায়। পরবর্তীতে তারা শান্তিপূর্ণ আন্দোলন এবং সাংস্কৃতিক আয়োজণের মাধ্যমে প্রতিবাদ জানিয়ে আসছিলো।
আন্দোলনরত শিক্ষার্থীরা ‘আমার ক্যাম্পাস আমার থাক, আমলা সচিব বাইরে থাক’, ‘স্বৈরাচারের কালো হাত, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’ এবং ‘আপস না সংগ্রাম’সহ বিভিন্ন স্লোগান দেন।
অবরোধ চলাকালে কৃষিমন্ত্রী আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি শিক্ষার্থীদের আশ্বস্ত করার চেষ্টা করেন। মন্ত্রীকে বলতে শোনা যায়, "তোমাদের সঙ্গে তো আমার কোনো ফারাক নাই।"
শিক্ষার্থীদের দাবি, বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও কৃষিশিক্ষার জন্য ব্যবহৃত পুরোনো গবেষণা মাঠটি তাদের কাছে ফিরিয়ে দিতে হবে। দীর্ঘদিন ধরে মাঠটি বাণিজ্য মেলাসহ বিভিন্ন মেলা ও জাতীয় আয়োজনের জন্য ব্যবহৃত হয়ে আসছে। বাণিজ্য মেলা আনুষ্ঠানিকভাবে পূর্বাচলে স্থানান্তরিত হওয়ার পরও মাঠটি বিশ্ববিদ্যালয়ের কাছে হস্তান্তর করা হয়নি। এর মধ্যে সম্প্রতি সেখানে সচিবালয় স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়ার প্রতিবাদেই আন্দোলনে নামেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের অভিযোগ , মাঠটি বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রম ও কৃষিশিক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেখানে সচিবালয় স্থাপন করা হলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও পরিবেশ ক্ষতিগ্রস্ত হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন তারা।