চবি প্রতিনিধি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) হাল্ট প্রাইজ অন ক্যাম্পাস রাউন্ডের ২০২৬-২৭ কার্যনির্বাহী কমিটির নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়েছে। এ উপলক্ষে নবীনবরণ ও উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সোমবার (৯ নভেম্বর) দুপুর দুইটায় বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নতুন সদস্যদের স্বাগত জানানোর পাশাপাশি নতুন বছরের কার্যক্রম নিয়েও আলোচনা হয়।
নতুন কমিটিতে ক্যাম্পাস ডিরেক্টর হিসেবে দায়িত্ব পেয়েছেন নিশাত তাহসিন চৌধুরী। চিফ অব স্টাফ ও ডেপুটি ক্যাম্পাস ডিরেক্টর হয়েছেন মোহাম্মদ মোতাম্মিম হোসাইন জারিফ।
"চেঞ্জিং দি ওয়ার্ল্ড থ্রু সোশ্যাল এন্টারপ্রাইজ" শীর্ষক স্লোগানকে ধারণ করে এবারের পর্বে অন্যান্য কমিটির মধ্যে বিচারক ও অংশগ্রহণকারী ব্যবস্থাপনায় জন কেভিন রয় ও মো. ইয়ামিনুর, করপোরেটবিষয়ক দায়িত্বে মনালিকা চৌধুরী ও আশিকুর রহমান স্বপ্নীল, কমিউনিটি এনগেজমেন্টে ইমতিয়াজ আলী, ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফিতে তৌহিদুল ইসলাম রুপু, প্রেস ও মিডিয়ায় মুহাম্মাদ মুনতাজ আলী, ইভেন্ট ও আইটি ব্যবস্থাপনায় মো. আজমাইন ইনতিসার, ব্র্যান্ডিং ও গ্রাফিকসে মো. মাহমুদ রহমান ও সোহেল আলম রাফি এবং ডকুমেন্টেশন ও কনটেন্ট রাইটিংয়ে ফারিয়া হক দীবা দায়িত্ব পেয়েছেন।
উল্লেখ্য, হাল্ট প্রাইজ একটি আন্তর্জাতিক শিক্ষার্থী উদ্যোগ, যেখানে তরুণরা সামাজিক ও বৈশ্বিক বিভিন্ন সমস্যা সমাধানে উদ্ভাবনী ব্যবসায়িক ধারণা নিয়ে কাজ করেন। বিশ্ববিদ্যালয় পর্যায়ে এ প্রতিযোগিতার আয়োজন শিক্ষার্থীদের উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে এবং নেতৃত্বের দক্ষতা বিকাশে ভূমিকা রাখে।