ববির জার্নালে যুক্ত হচ্ছে DOI নম্বর, Tech Indev-এর সাথে চুক্তি স্বাক্ষর

Date: 2026-11-15
news-banner
ববি প্রতিনিধি 

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) বিভিন্ন অনুষদের জার্নালে প্রকাশিত গবেষণা প্রবন্ধসমূহে Digital Object Identifier (DOI) নম্বর সংযোজনের লক্ষ্যে Tech Indev এবং ববির মধ্যে একটি সার্ভিস অ্যাগ্রিমেন্ট (Service Agreement) স্বাক্ষরিত হয়েছে।

১৫ নভেম্বর (রবিবার) বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ মানুন অর রশিদের উপস্থিতিতে এ চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিপত্রে বরিশাল বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. আবদুল আলিম বছির এবং Tech Indev-এর পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির প্রধান প্রযুক্তি কর্মকর্তা (CTO) মোঃ নাঈম।

উল্লেখ্য, ববির জার্নালসমূহের প্রকাশনায় DOI নম্বর অন্তর্ভুক্তির বিষয়ে গঠিত কমিটির সুপারিশের পরিপ্রেক্ষিতে এ চুক্তি সম্পাদিত হয়।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উক্ত কমিটির আহ্বায়ক ও আইন অনুষদের ডিন ড. সরদার কায়সার আহমেদ,বিজ্ঞান অনুষদের ডিন ড. ধীমান কুমার রায়,জীববিজ্ঞান অনুষদের ডিন ড. হাফিজ আশরাফুল হক,বিজনেস স্টাডিজ অনুষদের ডিন ড. মোঃ হারুন অর রশিদ,কলা ও মানবিক অনুষদের ডিন ড. মোহাম্মদ আব্দুল বাতেন চৌধুরী,প্রকৌশল অনুষদের ডিন ড. রাহাত হোসাইন ফয়সাল,সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. মোঃ সাদেকুর রহমান এবং কমিটির সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের নেটওয়ার্কিং অ্যান্ড আইটি অফিসের পরিচালক ড. মোঃ মঞ্জুর আহমেদ।

এ চুক্তি বাস্তবায়নের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদের জার্নালে প্রকাশিত গবেষণা প্রবন্ধসমূহে DOI নম্বর সংযোজনের সুযোগ সৃষ্টি হবে। এর ফলে বিশ্ববিদ্যালয়ের গবেষণা প্রকাশনাগুলোর আন্তর্জাতিক পরিচিতি, সহজে অনুসন্ধান ও শনাক্তকরণ এবং গবেষণার উদ্ধৃতি প্রদানের ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রমের মানোন্নয়ন ও আন্তর্জাতিক গবেষণা পরিমণ্ডলে প্রকাশনাগুলোর দৃশ্যমানতা বৃদ্ধিতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
advertisement image

Leave Your Comments