মোবাইল ফোন নিয়ে বিরোধে বন্ধুর হাতে যুবকের মৃত্যু, গ্রেপ্তার ৪

Date: 2026-10-18
news-banner

চট্টগ্রামের সাতকানিয়ায় পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে মোবাইল ফোন কেড়ে নেওয়াকে কেন্দ্র করে বন্ধুদের হামলায় মো. রিয়াজ (২২) নামে এক যুবকের মৃত্যুর ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।


শনিবার (১৭ অক্টোবর) রাতে সাতকানিয়া পৌরসভা ও পটিয়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সাতকানিয়া সার্কেল) মো. আরিফুল ইসলাম সিদ্দিকী।


গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মামলার ৪ নম্বর আসামি মো. অনিক হাসান (২৪), ৫ নম্বর আসামি ফরহাদুল ইসলাম (২৩) এবং সন্দেহভাজন কামরুল হাসান (১৭) ও সাইমন উদ্দিন শাকিল (২৫)। তারা সবাই সাতকানিয়া সদর ইউনিয়নের ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় পৃথক অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারেও পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


নিহত রিয়াজ সাতকানিয়া সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ক্ষিতা মোল্লাপাড়ার বাসিন্দা। তিনি অটোরিকশাচালক নাজিম উদ্দিনের ছেলে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে রিয়াজ তাঁর এক বন্ধুর কাছ থেকে একটি মোবাইল ফোন নিয়ে নেন। গত বৃহস্পতিবার সাতকানিয়া সদর ইউনিয়নের শাহ মজিদিয়া মার্কেটে তাঁকে ডেকে নেওয়া হয়। সেখানে ফরহাদ রিয়াজের হাতে থাকা মোবাইল ফোনটি দাবি করেন। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে শাহাদাত, জায়েদ, আব্বাস, অনিক ও ফরহাদ গাছের বাটাম দিয়ে রিয়াজকে মারধর করেন বলে অভিযোগ রয়েছে। মারধর থেকে বাঁচতে রিয়াজ স্থানীয় পল্লিচিকিৎসক রতন আচার্যের ফার্মেসিতে আশ্রয় নিলেও শেষ পর্যন্ত রক্ষা পাননি। পরে অভিযুক্তরা তাঁকে নাছিরের দোকানের সামনে ফেলে রেখে চলে যান বলে স্থানীয় সূত্রে জানা গেছে।


আহত অবস্থায় রিয়াজকে প্রথমে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) শয্যা খালি না থাকায় চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয় তাঁকে। আর্থিক সংকটের কারণে শুক্রবার বিকেলে তাঁকে আবার চমেক হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল ১০টার দিকে তাঁর মৃত্যু হয়। রিয়াজের মা রোজিনা আক্তার বলেন, ‘শাহাদাত আমার ছেলেকে ডেকে তার দোকানে নিয়ে যায়। পরে মোবাইল ফোন নিয়ে বিরোধের একপর্যায়ে তারা আমার ছেলেকে বেধড়ক মারধর করলে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে তার মৃত্যু হয়।’


advertisement image

Leave Your Comments