রাজধানীর জাতীয় সংসদ ভবন এলাকায় ছিনতাইকারীর টানে ব্যাটারিচালিত রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষক রনজিলা পারভীনের মৃত্যুর ঘটনায় করা মামলায় মো. রাকিব হোসেন (২৪) নামে এক আসামির জামিন মঞ্জুর করেছেন আদালত।
রোববার (১৮ অক্টোবর) দুপুরে শুনানি শেষে ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক আয়েশা আক্তার মৌসুমী এ আদেশ দেন। আসামিপক্ষের আইনজীবী মো. মেহেদী হাসান মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।
আইনজীবী মেহেদী হাসান জানান, পুলিশের প্রতিবেদন জমা দেওয়া পর্যন্ত রাকিবের জামিন মঞ্জুর করেছেন আদালত। জামিনের জন্য পাঁচ হাজার টাকা মুচলেকা ধার্য করা হয়েছে। আসামির বিরুদ্ধে অন্য কোনো মামলা না থাকায় তিনি শিগগিরই কারামুক্ত হতে পারেন বলে আশা প্রকাশ করেন এই আইনজীবী। মামলার তথ্য অনুযায়ী, গত ২৯ আগস্ট ভোরে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনের সড়কে ছিনতাইকারীদের টানে রিকশা থেকে পড়ে নিহত হন রনজিলা পারভীন (৫৬)। তিনি বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ী বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। চিকিৎসার জন্য স্বামীর সঙ্গে ঢাকায় এসেছিলেন তিনি।
সেদিন ভোরে কল্যাণপুর বাস টার্মিনালে নেমে স্বামীর সঙ্গে ব্যাটারিচালিত রিকশায় করে হাসপাতালে যাচ্ছিলেন রনজিলা। সংসদ ভবন এলাকায় মোটরসাইকেলে আসা দুই ছিনতাইকারী তাঁর হাতে থাকা ব্যাগ টান দিয়ে নিয়ে যায়। এতে রিকশা থেকে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান তিনি। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় রনজিলার স্বামী আবদুল মতিন বাদী হয়ে রাজধানীর শেরেবাংলা নগর থানায় হত্যা মামলা করেন।