ডেঙ্গু মোকাবিলায় দেশজুড়ে প্রস্তুতি, মৃত্যুহার নেমেছে ০.৩১ শতাংশে

Date: 2026-10-07
news-banner

নিজস্ব প্রতিবেদক


স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৩ সালে ডেঙ্গুতে ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয় এবং মৃত্যুহার ছিল ০.৫৩ শতাংশ। ২০২৪ সালে ৪৮২ জনের মৃত্যুতে এ হার ছিল ০.৪৯ শতাংশ এবং ২০২৫ সালে ৩২৩ জনের মৃত্যুতে মৃত্যুহার ছিল ০.৩৪ শতাংশ। গত বছরের একই সময়ে মৃত্যুহার ছিল ০.৪২ শতাংশ।


রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু রোগীর চাপ সামলাতে দুটি ফ্লোরকে ডেডিকেটেড ডেঙ্গু ওয়ার্ডে রূপান্তর করা হয়েছে। হাসপাতালটির শয্যা সংখ্যা ৬০ থেকে বাড়িয়ে ২০০ করা হয়েছে। এর মধ্যে শিশুদের জন্য ২০টি এবং প্রাপ্তবয়স্কদের জন্য ৪০টি শয্যা ছিল; পরে ডেঙ্গু রোগীদের জন্য সক্ষমতা বাড়ানো হয়। ৬ অক্টোবর পর্যন্ত সেখানে ২২৫ জন ডেঙ্গু রোগী ভর্তি ছিলেন।


হাসপাতালের উপ-পরিচালক ডা. মোহাম্মদ নুরুল ইসলাম জানান, ডেঙ্গু রোগীদের জন্য ওয়ান-স্টপ সার্ভিস চালু করা হয়েছে। ফলে রোগীদের ওয়ার্ড থেকে বের না হয়েই পরীক্ষা-নিরীক্ষাসহ প্রয়োজনীয় সেবা পাওয়ার সুযোগ তৈরি হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালেও ডেঙ্গু রোগীদের জন্য পৃথক ওয়ার্ড চালু রয়েছে। ৬ অক্টোবর পর্যন্ত সেখানে ২৩১ জন ডেঙ্গু রোগী ভর্তি ছিলেন। রোগীর চাপ অনুযায়ী নির্ধারিত শয্যার পাশাপাশি অতিরিক্ত শয্যার ব্যবস্থাও করা হচ্ছে।


ঢামেক ডেঙ্গু ইউনিটের প্রধান অধ্যাপক শাহনুর শারমিন মুন্নি জানান, ডেঙ্গু চিকিৎসায় আইভি ফ্লুইড, আইভি সেট, প্যারাসিটামল, বমি ও গ্যাস্ট্রিকের ওষুধ এবং প্রয়োজনীয় প্লাজমা সলিউশনের পর্যাপ্ত মজুত রয়েছে। 


এদিকে কুর্মিটোলা মাল্টিকেয়ার স্পেশালাইজড হাসপাতালেও ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ায় আরও ১০০ শয্যা চালু করা হয়েছে। এর মধ্যে ৫০টি পুরুষ ও ৫০টি নারী রোগীর জন্য। হাসপাতালটিতে ৬ অক্টোবর পর্যন্ত ১০৬ জন ডেঙ্গু রোগী ভর্তি ছিলেন। ডেঙ্গু চিকিৎসায় স্বাস্থ্য মন্ত্রণালয় ছয়জন চিকিৎসক ও ১০ জন নার্সও নিয়োগ দিয়েছে। দেশের অন্যতম ডেঙ্গু হটস্পট খুলনাতেও চিকিৎসা সক্ষমতা বাড়ানো হয়েছে। নগরীর বিভিন্ন এলাকায় নয়টি ফ্রি মেডিকেল ক্যাম্প চালুর পাশাপাশি নগর স্বাস্থ্যকেন্দ্রগুলোতে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা দেওয়া হচ্ছে।


খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চারটি ওয়ার্ড ও সংলগ্ন বারান্দায় ডেঙ্গু রোগীদের চিকিৎসা চলছে। খুলনা সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের এক দিনের বেতনের সমপরিমাণ অর্থ দিয়ে হাসপাতালে আরও ৩০টি শয্যা সরবরাহ করা হয়েছে। এতে হাসপাতালটির ডেঙ্গু চিকিৎসা সক্ষমতা ১৫০ শয্যায় দাঁড়িয়েছে।


স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডা. মো. নুরুল ইসলাম জানান, রাজধানীতে ডেঙ্গু রোগীর চাপ বাড়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে ফিল্ড হাসপাতাল পুনরায় চালুর বিষয়টি বিবেচনা করা হচ্ছে। একই সঙ্গে প্রয়োজন হলে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটের কিছু রোগীকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তরের কথাও ভাবা হচ্ছে।


তিনি বলেন, দেশের বিভিন্ন হাসপাতালের স্যালাইন মজুতের তথ্য সংগ্রহ করা হয়েছে। আগামী মাসগুলোর সম্ভাব্য চাহিদা বিবেচনায় সেন্ট্রাল মেডিকেল স্টোরস ডিপো (সিএমএসডি) ও এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডকে পর্যাপ্ত মজুত নিশ্চিত করতে বলা হয়েছে।


এ ছাড়া যুক্তরাষ্ট্রের স্ট্রাইডস কর্মসূচির মাধ্যমে বাংলাদেশকে পাঁচ লাখ ডেঙ্গু এনএস১ র‌্যাপিড ডায়াগনস্টিক টেস্ট কিট দেওয়া হয়েছে। এর ফলে দেশের বিভিন্ন এলাকায় ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়লেও প্রয়োজনীয় পরীক্ষা নিশ্চিত করা সহজ হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ডেঙ্গু রোগীদের দ্রুত শনাক্তকরণ ও সঠিক চিকিৎসা নিশ্চিত করতে ২০২৫ সালের ডেঙ্গু চিকিৎসা নির্দেশিকা অনুযায়ী ১ হাজার ৬০০ চিকিৎসককে ক্লিনিক্যাল ব্যবস্থাপনার ওপর প্রশিক্ষণ দেওয়া হয়েছে।


স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দেশজুড়ে শয্যা সংখ্যা বৃদ্ধি, ডেডিকেটেড ডেঙ্গু ওয়ার্ড চালু, ওয়ান-স্টপ সার্ভিস, পর্যাপ্ত ডায়াগনস্টিক কিট ও স্যালাইন মজুত এবং সরকারি হাসপাতালগুলোতে বিনামূল্যে ডেঙ্গু এনএস১ পরীক্ষা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

একই সঙ্গে হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীদের মশারি ব্যবহারের বিষয়টি নিশ্চিত করা হচ্ছে, যাতে চিকিৎসাধীন রোগীদের মাধ্যমে নতুন করে মশার সংক্রমণ ছড়িয়ে না পড়ে।

advertisement image

Leave Your Comments