শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা পাঁচ দিনের ছুটি শুরুর আগে আজ শনিবার (১৭ অক্টোবর) দেশের সব তফসিলি ব্যাংক ও শেয়ারবাজারে কার্যক্রম চালু রয়েছে। সাপ্তাহিক ছুটির দিন হলেও স্বাভাবিক সময়সূচি অনুযায়ী চলছে ব্যাংকিং কার্যক্রম ও পুঁজিবাজারের লেনদেন।
দুর্গাপূজা উপলক্ষে আগামী ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত দেশের ব্যাংকগুলো বন্ধ থাকবে। এর সঙ্গে ২৩ ও ২৪ অক্টোবরের সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় টানা পাঁচ দিন বন্ধ থাকবে ব্যাংক ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর নিয়মিত কার্যক্রম। দীর্ঘ ছুটিতে গ্রাহকদের ব্যাংকিং সেবা গ্রহণে ভোগান্তি এড়াতে বাংলাদেশ ব্যাংক ১৭ অক্টোবর শনিবার ব্যাংক খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে। এ বিষয়ে গত রোববার একটি প্রজ্ঞাপন জারি করে কেন্দ্রীয় ব্যাংক।
এদিকে ছুটির মধ্যেও দেশের আন্তর্জাতিক বাণিজ্য কার্যক্রম সচল রাখতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। সমুদ্রবন্দর, স্থলবন্দর ও বিমানবন্দর এলাকায় অবস্থিত ব্যাংকের শাখা ও বুথগুলোতে ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত সীমিত পরিসরে ব্যাংকিং সেবা চালু থাকবে।
বিশেষ করে আমদানি-রপ্তানি সংক্রান্ত লেনদেন নির্বিঘ্ন রাখতে এসব শাখা ও বুথে প্রয়োজনীয় সেবা নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে। এ জন্য স্থানীয় প্রশাসন ও কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ব্যাংকগুলোকে বলা হয়েছে। ফলে ছুটির সময়ে সাধারণ ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকলেও আন্তর্জাতিক বাণিজ্যের সঙ্গে সংশ্লিষ্ট জরুরি ব্যাংকিং সেবা নির্ধারিত স্থানে সীমিত পরিসরে চালু থাকবে।