চবি প্রতিনিধি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) তরুণ শিক্ষার্থীদের বিজ্ঞানচর্চায় উৎসাহিত করতে এবং বিজ্ঞানমনস্ক পরিবেশ তৈরির লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্রসংসদের (চাকসু) উদ্যেগে প্রথমবারের মতো বিজ্ঞানবিষয়ক তথ্যপ্রযুক্তিবিষয়ক সাময়িকী 'নবদিগন্ত' এর মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের চাকসু প্রাঙ্গণে এই মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে চাকসু নেতৃবৃন্দ ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
'নবদিগন্ত' ম্যাগাজিনটিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীদের বাছাইকৃত প্রবন্ধ সংকলন করা হয়েছে। এ ছাড়াও চাকসু বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদকের নির্বাচনকালীন ইশতেহার ও ইশতেহার বাস্তবায়ন ও ইশতেহার বহির্ভূত বিভিন্ন কার্যক্রমের উল্লেখ রয়েছে।
চাকসুর বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ মাহবুবুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন চাকসু ভিপি ইব্রাহিম হোসেন রনি, সাধারণ সম্পাদক সাঈদ বিন হাবিব, তেপান্তর সাহিত্য সভার সভাপতি মুহাম্মদ রিয়াদ উদ্দিন সহ চাকসুর অন্যান্য সম্পাদকমন্ডুলী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে চাকসুর সহসভাপতি (ভিপি) ইব্রাহিম হোসেন রনি বলেন, “একটি বিষয় আমি খুব বেশি বিশ্বাস করি, তা হলো—আপনি যখন কোনো কিছুতে বিনিয়োগ করেন, তখন সব সময়ই তার সুফল পেতে চান। কিন্তু বিনিয়োগের পর সেই সুফল যদি আপনার কাছে দৃশ্যমান বা স্পষ্ট না হয়, কিংবা আপনি কেবল তা উপলব্ধি করতে পারেন, তাহলে সেটি ক্ষণস্থায়ী হতে পারে।”
তিনি আরও বলেন, “আমার কাছে সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো, এমন কিছু কাজ করে যাওয়া, যার দৃশ্যমান অস্তিত্ব থাকে। চাকসুর শুরু থেকেই আমি প্রত্যেক সম্পাদককে বলে এসেছি, তোমরা এমন কিছু রেখে যাও, যা স্পর্শ করা যায়, যা দেখে ২০ বা ৫০ বছর পরও মানুষ বলতে পারবে—চাকসু থাকাকালে এই কাজটি করা হয়েছিল।”
চাকসুর সাধারণ সম্পাদক (জিএস) সাঈদ বিন হাবিব বলেন, “আমাদের প্রত্যেক সম্পাদক ব্যক্তিগতভাবে এবং সম্প্রীতির শিক্ষার্থী জোটের নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতিগুলো পর্যায়ক্রমে বাস্তবায়নের চেষ্টা করেছেন। ছাত্রীদের হলের বাজেট বরাদ্দসহ আবাসন সমস্যার সমাধানে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৬০ বছরের ইতিহাসে প্রচলিত অ্যানালগ পদ্ধতির পরিবর্তে পুরো বিশ্ববিদ্যালয়কে অটোমেশনের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। ফলে এখন আর ব্যাংকে গিয়ে কিংবা সনাতন পদ্ধতির দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা না করে অনলাইনে সনদসহ বিভিন্ন সেবা গ্রহণ করা যাচ্ছে।
“এ ছাড়া মেডিকেল সেন্টারে অপারেশন থিয়েটার (ওটি) স্থাপন, সিবিসি মেশিন ও অ্যাম্বুলেন্সসহ প্রায় ২০ থেকে ৫০ লাখ টাকার উন্নয়ন কার্যক্রম নিশ্চিত করা হয়েছে। গত এক বছরে ক্যাম্পাসে রেকর্ডসংখ্যক অনুষ্ঠান, প্রশিক্ষণ কোর্স ও সেমিনার আয়োজিত হয়েছে। শিক্ষার্থীদের সেবা নিশ্চিত করতে দপ্তর সম্পাদক নিরলসভাবে কাজ করেছেন। ক্যাম্পাসের অতীতের বিভীষিকাময় সময়ের স্মৃতি ও নির্যাতনের ঘটনাগুলো তুলে ধরতে ‘নির্যাতনের দাগ’ শিরোনামে একটি বিশেষ প্রকাশনা প্রকাশের উদ্যোগও নেওয়া হয়েছে।