থাকছে না দাঁড়িপাল্লার , থাকছে নৌকা

Date: 2026-10-25
news-banner

অনলাইন ডেস্ক

২০২৭ শিক্ষাবর্ষের ষষ্ঠ শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বই থেকে ‘দাঁড়িপাল্লা’র ছবি সরিয়ে সংশ্লিষ্ট পৃষ্ঠা সংশোধনের উদ্যোগ নিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। তবে প্রথম থেকে তৃতীয় শ্রেণির বাংলা বইয়ে থাকা নৌকার ছবিগুলো এবার আর পরিবর্তন করা হচ্ছে না। ছাপার কাজ প্রায় শেষ হওয়ায় এসব ছবি সংশোধন করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।


এনসিটিবি সূত্রে জানা গেছে, পাঠ্যবইয়ের বিভিন্ন ছবি নিয়ে বিতর্কের পর শনিবার দফায় দফায় বৈঠক হয়েছে। বৈঠকে মুদ্রণ কার্যক্রমের সংশোধন ও পরবর্তী করণীয় নিয়ে আলোচনা করা হয়। সংস্থাটি জানিয়েছে, ২০২৮ শিক্ষাবর্ষের বইয়ে বড় ধরনের পরিবর্তন আনার পরিকল্পনা রয়েছে।

২০২৭ শিক্ষাবর্ষের জন্য মুদ্রিত প্রথম শ্রেণির ‘আমার বাংলা বইয়ে’ ৩৪টি, দ্বিতীয় শ্রেণিতে ২৩টি এবং তৃতীয় শ্রেণিতে ২৫টি নৌকার ছবি ব্যবহার করা হয়েছে। পর্যালোচনায় দেখা গেছে, এসব ছবির কয়েকটির সঙ্গে সংশ্লিষ্ট পাঠের সরাসরি যোগসূত্র নেই।


প্রথম শ্রেণির বইয়ে ‘আষাঢ় মাসে বৃষ্টি হয়’ বাক্যের সঙ্গে নৌকার ছবি ব্যবহার করা হয়েছে। একইভাবে ‘ভোর হলো’ কবিতা ও ‘আমাদের দেশ’ বিষয়ক আলোচনাতেও নৌকার ছবি রয়েছে। তৃতীয় শ্রেণির বাংলা বইয়ে ‘আমাদের গ্রাম’, ‘আজিকার শিশু’ এবং রবীন্দ্রনাথ ঠাকুরের ‘তালগাছ’ কবিতার মতো পাঠেও নৌকার ছবি যুক্ত করা হয়েছে। তবে এনসিটিবির দাবি, নদীমাতৃক বাংলাদেশের প্রেক্ষাপট তুলে ধরতেই এসব ছবি ব্যবহার করা হয়েছে।


অন্যদিকে, ষষ্ঠ শ্রেণির আইসিটি বইয়ের ‘নলেজ পিরামিড’ বা জ্ঞানের পিরামিডে ‘প্রজ্ঞা’ বোঝাতে দাঁড়িপাল্লার ছবি ব্যবহার নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। এ নিয়ে সংশ্লিষ্ট পৃষ্ঠা সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে এনসিটিবি।


সংস্থাটির তথ্য অনুযায়ী, ষষ্ঠ শ্রেণির আইসিটি বইয়ের মোট ৩৮ লাখ কপির মধ্যে ১৮ লাখ ইতিমধ্যে স্কুল পর্যায়ে সরবরাহ করা হয়েছে। বাকি ২০ লাখ কপি ছাপার কাজ চলছে। সরবরাহ করা বই ফিরিয়ে এনে সংশ্লিষ্ট পৃষ্ঠা পরিবর্তন করে নতুন পৃষ্ঠা যুক্ত করার পরিকল্পনা রয়েছে।


এনসিটিবির সদস্য (প্রাথমিক শিক্ষাক্রম) অধ্যাপক ড. মো. ইকবাল হায়দার কালের কণ্ঠকে বলেন, বইয়ের বিষয়বস্তুর সঙ্গে মিল রেখে শিল্পীরা ছবিগুলো এঁকেছেন। কনটেন্ট পরিবর্তন না হলে ছবি পরিবর্তন করা কঠিন।


তিনি জানান, ২০২৮ শিক্ষাবর্ষের বইয়ে বড় ধরনের পরিবর্তন আনা হবে। সে সময় এসব বিষয়ও বিবেচনায় নেওয়া হবে।


advertisement image

Leave Your Comments