বিশ্ববিদ্যালয়ের প্রধান লক্ষ্য হোক দক্ষ জনশক্তি গড়া: রাষ্ট্রপতি

Date: 2026-10-17
news-banner

নিজেস্ব প্রতিনিধি


দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর প্রধান লক্ষ্য হওয়া উচিত কর্মসংস্থান উপযোগী দক্ষ জনশক্তি গড়ে তোলা বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, দেশের উচ্চশিক্ষা ব্যবস্থাকে সমন্বিত ও সামগ্রিক পদ্ধতিতে সাজাতে হবে, যাতে দেশি-বিদেশি শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ জনশক্তি তৈরি হয় এবং বেকারত্ব কমে আসে।


শনিবার (১৭ অক্টোবর) বঙ্গভবনে সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান রেজাউল করিমের নেতৃত্বে একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন। রাষ্ট্রপতি বলেন, দেশের বিভিন্ন শিল্পকারখানা, করপোরেট সংস্থা, বিশেষায়িত প্রতিষ্ঠান ও বেসরকারি সংস্থায় কাজের জন্য বিদেশ থেকে কর্মী আনতে হচ্ছে। অথচ দেশে বিপুলসংখ্যক উচ্চশিক্ষিত তরুণ-তরুণী বেকার রয়েছেন। এ পরিস্থিতি থেকে উত্তরণে বিশ্ববিদ্যালয়গুলোকে সময়োপযোগী ও কর্মমুখী শিক্ষা প্রদানের ওপর গুরুত্ব দিতে হবে।


তিনি কারিগরি, প্রকৌশল ও প্রযুক্তি বিষয়ে আধুনিক এবং উচ্চমানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করার জন্য বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি আহ্বান জানান। একই সঙ্গে শিল্প ও করপোরেট প্রতিষ্ঠানগুলোকে যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ ও কর্মক্ষম কর্মী গড়ে তোলার পরামর্শ দেন।


সাক্ষাৎকালে রাষ্ট্রপতি গরিব ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষার ব্যয় মওকুফ করতে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি আহ্বান জানান। এ সময় সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম উপস্থিত ছিলেন। প্রতিনিধি দলের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান রাষ্ট্রপতিকে প্রতিষ্ঠানটির সার্বিক একাডেমিক কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।


তিনি জানান, সাউথইস্ট বিশ্ববিদ্যালয়কে অনেকটা দাতব্য ও অলাভজনক শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে পরিচালনার চেষ্টা করা হচ্ছে। প্রতিবছর বিশ্ববিদ্যালয়টি গড়ে প্রায় ৩২ কোটি টাকা মেধাবী, অসচ্ছল ও বিশেষ কোটার শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ এবং বৃত্তি হিসেবে প্রদান করে।


সাক্ষাৎকালে বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান রাষ্ট্রপতিকে বিশ্ববিদ্যালয়ের আসন্ন সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত থাকার আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করেন এবং অনুষ্ঠানে উপস্থিত থাকার আশ্বাস দেন। এ সময় রাষ্ট্রপতির সামরিক সচিব, প্রেস সচিব এবং বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য সচিব, সদস্য, উপ-উপাচার্য, রেজিস্ট্রার ও উপদেষ্টারা উপস্থিত ছিলেন।

advertisement image

Leave Your Comments