সহকারী শিক্ষকদের দশম ও প্রধান শিক্ষকদের নবম গ্রেড বাস্তবায়নের আহ্বান; শিক্ষক হত্যার ঘটনায় জবাবদিহি দাবি
মোঃ আব্দুর রহমান হেলাল, ভোলা জেলা প্রতিনিধি
প্রাথমিক শিক্ষকদের বেতন-গ্রেড উন্নীতকরণ, পেশাগত মর্যাদা প্রতিষ্ঠা এবং শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়ে ভোলায় প্রাথমিক শিক্ষক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) বেলা ১১টায় ভোলা জেলা পরিষদ অডিটোরিয়ামে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক পরিষদ, ভোলা জেলার উদ্যোগে সম্মেলন ও গুণী শিক্ষক সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে পরিষদের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি আবুল খায়ের বলেন, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দশম গ্রেড এবং প্রধান শিক্ষকদের নবম গ্রেড প্রদান করতে হবে। পাশাপাশি শিক্ষকদের প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তার মর্যাদা দেওয়ার দাবি জানান তিনি।
তিনি বলেন, শিক্ষকদের যথাযথ মর্যাদা ও ন্যায্য অধিকার নিশ্চিত করা সময়ের দাবি। প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষকদের ভূমিকা গুরুত্বপূর্ণ। তাই তাঁদের বেতন-ভাতা ও সামাজিক মর্যাদার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে।
জাতীয় সংসদ ভবনের সামনে ছিনতাইকারীর হামলায় শিক্ষক-শিক্ষিকার মৃত্যুর ঘটনা উল্লেখ করে আবুল খায়ের বলেন, এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তি কীভাবে জামিনে মুক্তি পেলেন, তা নিয়ে শিক্ষকসমাজের মধ্যে প্রশ্ন রয়েছে। ঘটনার সুষ্ঠু জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানিয়ে তিনি অভিযুক্ত ব্যক্তির জামিন বাতিল, কারাগারে প্রেরণ এবং আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক পরিষদের ভোলা জেলা সভাপতি মোঃ আমিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি মোঃ মিজানুর রহমান। জেলা সেক্রেটারি মোঃ শামসুল আলমের সঞ্চালনায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরফ্যাশন সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ উল্যাহ এবং মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের ভোলা জেলা সেক্রেটারি মোঃ আমির হোসেন। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারি মোঃ কামাল উদ্দিন।
সম্মেলনে শিক্ষকতার ক্ষেত্রে কৃতিত্ব ও অবদানের স্বীকৃতিস্বরূপ তিনজন গুণী শিক্ষককে সম্মাননা প্রদান করা হয়। জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে সাহিদা আক্তার সুমনা, জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে মোঃ নাজিম উদ্দীন এবং শ্রেষ্ঠ সহকারী শিক্ষক হিসেবে মোঃ মহিউদ্দিন পুরস্কার গ্রহণ করেন।
অনুষ্ঠানে বক্তারা প্রাথমিক শিক্ষার উন্নয়ন, শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং তাঁদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা শিক্ষকদের মর্যাদা রক্ষায় সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
এ সময় বিভিন্ন শিক্ষক সমিতির জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।