খালেদা জিয়ার আদলে সেজে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ, আলোচনায় মেঘনা আলম

Date: 2026-10-20
news-banner

মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পোশাক ও সাজের আদলে সেজে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করতে যাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় উঠে এসেছেন তিনি। জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী মেঘনা আলম গত ১৭ অক্টোবর দলটির কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন। ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগের পর আসনটি শূন্য হয়।


মনোনয়নপ্রত্যাশী হিসেবে গত ১৯ অক্টোবর প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন মেঘনা। সাক্ষাতের পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিতে তাঁকে শাড়ি, মাথায় ঘোমটা ও গলায় মুক্তার মালা পরা অবস্থায় দেখা যায়। তাঁর এই সাজে অনেকেই সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পোশাক ও ব্যক্তিত্বের ছাপ খুঁজে পেয়েছেন। সাক্ষাৎ শেষে নিজের অনুভূতি জানিয়ে মেঘনা আলম বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে পেরে তিনি সম্মানিত বোধ করছেন। একই সঙ্গে জাতীয় সংসদকে দক্ষ ও কার্যকর করে তুলতে সৃষ্টিকর্তার সাহায্য কামনা করেন তিনি।


খালেদা জিয়ার আদলে সাজের বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এক ব্যক্তির প্রশ্নের জবাবে মেঘনা জানান, সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে পেরে তিনি সম্মানিত। তবে ইচ্ছাকৃতভাবে তাঁর মতো সাজ নেওয়ার পরিকল্পনা ছিল না বলেও উল্লেখ করেন মেঘনা। তাঁর ভাষ্য, তিনি কেবল মার্জিত ও আন্তরিকভাবে নিজেকে উপস্থাপন করতে চেয়েছিলেন। এ নিয়ে মানুষের ইতিবাচক প্রতিক্রিয়ায়ও সন্তুষ্টি প্রকাশ করেন তিনি।


তবে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতে কী কী বিষয়ে আলোচনা হয়েছে, সে সম্পর্কে বিস্তারিত জানাননি মেঘনা আলম। সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশা, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ এবং খালেদা জিয়ার সাজের সঙ্গে তাঁর পোশাকের সাদৃশ্য—সব মিলিয়ে রাজনৈতিক ও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় রয়েছেন মেঘনা আলম।

advertisement image

Leave Your Comments