তামিলনাড়ুর ক্ষমতাসীন দল তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে) ধনুশকে ঘিরে এই জল্পনাকে ইতিবাচকভাবে দেখছে। দলটির মতে, চলচ্চিত্র থেকে রাজনীতিতে এসে জোসেফ বিজয়ের উত্থান নতুন রাজনৈতিক উদ্যোগ নিতে আগ্রহীদের অনুপ্রাণিত করছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে টিভিকের মুখপাত্র এম সত্য কুমার বলেন, তাঁদের রাজনৈতিক যাত্রা অন্যদের রাজনীতিতে আসতে অনুপ্রাণিত করছে—এতে তাঁরা আনন্দিত। তিনি বলেন, ‘রাজনৈতিক উদ্যোগের ক্ষেত্রে টিভিকে একটি অনুপ্রেরণা হয়ে উঠেছে, এতে আমরা খুশি।’ সত্য কুমারের মতে, বিজয়ের রাজনৈতিক উত্থানের পেছনে রয়েছে দীর্ঘদিনের প্রস্তুতি ও সাংগঠনিক কার্যক্রম। তিনি বলেন, বিজয় এ জন্য প্রায় ৩০ বছর কাজ করেছেন। নতুন রাজনৈতিক শক্তির আবির্ভাব ঘটলেও দীর্ঘমেয়াদে নিজেদের অবস্থান ধরে রাখা এবং কার্যকর ভূমিকা পালন করাই হবে বড় চ্যালেঞ্জ।
ভক্ত সংগঠনের নাম পরিবর্তন, বাড়ছে আলোচনা
কোয়েম্বাটোরে ধনুশের ভক্ত সংগঠনের নাম পরিবর্তন করে ‘ধনুশ নরপানি ইয়াক্কাম’ বা ‘ধনুশ কল্যাণ আন্দোলন’ রাখা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত সভায় সংগঠনটির প্রায় তিন হাজার পদধারী অংশ নেন। তবে ধনুশ নিজে সভায় উপস্থিত ছিলেন না।
সভায় শৃঙ্খলা, জনকল্যাণমূলক কর্মকাণ্ড ও সামাজিক দায়িত্ব পালনের ওপর গুরুত্ব দেওয়া হয়। অনুষ্ঠানে সাবেক সাংবাদিক ও এআইএডিএমকে দলের সংসদ সদস্য রবি বার্নার্ড বক্তব্য দেন। পাশাপাশি ভারতের মহাকাশ গবেষণা সংস্থার (ইসরো) একজন বিজ্ঞানী অনুপ্রেরণামূলক বক্তব্য দেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সংগঠনের নাম পরিবর্তন ও কার্যক্রম পুনর্গঠনের পর ধনুশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে আলোচনা শুরু হলেও এসব পদক্ষেপকে তাঁর রাজনীতিতে প্রবেশের আনুষ্ঠানিক ঘোষণা হিসেবে দেখার সুযোগ নেই।
বিজয়ের পথ অনুসরণ করা কতটা সহজ?
টিভিকে মুখপাত্র সত্য কুমার বলেন, নির্বাচনি রাজনীতিতে প্রবেশের আগে বিজয় তাঁর ভক্তদের সংগঠনকে জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত করেছিলেন। বিনামূল্যে খাবার বিতরণ, পাঠাগার স্থাপন ও আইনি সহায়তা দেওয়ার মতো কার্যক্রমের মধ্য দিয়ে সংগঠনটি বিস্তৃত হয়। পরবর্তী সময়ে এই নেটওয়ার্ক টিভিকের সাংগঠনিক ভিত্তি গড়ে তুলতে ভূমিকা রাখে। তাঁর ভাষ্য অনুযায়ী, দুই বছর আগে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করলেও টিভিকের সাংগঠনিক ভিত্তি তৈরিতে দীর্ঘ সময় লেগেছে। ভক্তদের একটি ক্লাব হিসেবে যাত্রা শুরু করা সংগঠনকে বিজয় কয়েক দশক ধরে জনসেবামূলক কার্যক্রমের সঙ্গে যুক্ত রেখেছেন। সত্য কুমার আরও বলেন, বিজয় তাঁর অভিনয়জীবনের গুরুত্বপূর্ণ সময়ে চলচ্চিত্র ছেড়ে রাজনীতিতে পূর্ণ মনোযোগ দিয়েছেন। তাঁর মতে, রাজনৈতিক দল পরিচালনা ও নির্বাচনে সাফল্য অর্জনের জন্য সময়, ত্যাগ এবং পূর্ণকালীন অঙ্গীকার প্রয়োজন।
তামিলনাড়ুতে চলচ্চিত্র তারকাদের রাজনীতির ঐতিহ্য
তামিলনাড়ুতে চলচ্চিত্র ও রাজনীতির সম্পর্ক দীর্ঘদিনের। রাজ্যের রাজনীতিতে চলচ্চিত্রের জনপ্রিয়তা বহুবার গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
চিত্রনাট্যকার ও রাজনীতিবিদ সি এন আন্নাদুরাই এবং এম করুণানিধি দ্রাবিড় রাজনীতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। অন্যদিকে চলচ্চিত্র তারকা এম জি রামচন্দ্রন ও জে জয়ললিতা রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছিলেন।তবে চলচ্চিত্রের জনপ্রিয়তা সব সময় রাজনৈতিক সাফল্যে রূপ নেয়নি। শিবাজি গণেশন, বিজয়কান্ত, শরৎকুমার ও কমল হাসানের মতো তারকারা রাজনীতিতে এলেও মুখ্যমন্ত্রীর পদে পৌঁছাতে পারেননি। সুপারস্টার রজনীকান্তও শেষ পর্যন্ত রাজনীতিতে প্রবেশের পরিকল্পনা থেকে সরে দাঁড়ান।এই প্রেক্ষাপটে বিজয়ের রাজনৈতিক যাত্রা নতুন করে চলচ্চিত্র তারকাদের রাজনৈতিক সম্ভাবনা নিয়ে আলোচনা তৈরি করেছে। সব মিলিয়ে, ধনুশের ভক্ত সংগঠনের পুনর্গঠন তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে জল্পনা বাড়ালেও এখন পর্যন্ত তাঁর রাজনীতিতে যোগ দেওয়ার কোনো আনুষ্ঠানিক ঘোষণা নেই। তিনি ভবিষ্যতে জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সংগঠনটিকে আরও সক্রিয় করবেন, নাকি নির্বাচনি রাজনীতিতে প্রবেশ করবেন—তা জানতে অপেক্ষা করতে হবে তাঁর নিজের বক্তব্যের জন্য।