ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ৫১২

Date: 2026-10-22
news-banner

দেশে গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৬৮ জনে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫১২ জন।


বৃহস্পতিবার (২২ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে একজন করে মোট দুজন এবং ময়মনসিংহ বিভাগে আরও দুজনের মৃত্যু হয়েছে।


নতুন ভর্তি রোগীদের মধ্যে চট্টগ্রাম বিভাগে সবচেয়ে বেশি ২৯৪ জন রয়েছেন। এছাড়া ঢাকা বিভাগে ২৫০ জন, বরিশাল বিভাগে ২৩১ জন, খুলনা বিভাগে ২০৬ জন, রাজশাহী বিভাগে ১৬২ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৪৬ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১১১ জন, ময়মনসিংহ বিভাগে ৬০ জন, রংপুর বিভাগে ৪৪ জন এবং সিলেট বিভাগে ৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।


স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২২ অক্টোবর পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ৩৬৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগে (দুই সিটি করপোরেশনসহ) ১৭৯ জন, খুলনা বিভাগে ৬৬ জন, চট্টগ্রাম বিভাগে ৩৩ জন, ময়মনসিংহ বিভাগে ২৯ জন, বরিশাল বিভাগে ২৮ জন, রাজশাহী বিভাগে ২৩ জন, রংপুর বিভাগে ৭ জন এবং সিলেট বিভাগে ৩ জন মারা গেছেন।


চলতি বছরের আগস্টে ডেঙ্গুতে ৪৩ জনের মৃত্যু হয়েছিল। সেপ্টেম্বরে প্রাণ হারান ১৪৮ জন। আর অক্টোবরের প্রথম ২২ দিনে মারা গেছেন ১২৩ জন।

সূত্র: স্বাস্থ্য অধিদপ্তর

advertisement image

Leave Your Comments