স্বাস্থ্য ডেস্ক
এসওপিএইচআইএ জেনেটিকস ও মাইরিয়াড জেনেটিকসের সহযোগিতায় জিনোমিক অস্থিতিশীলতা স্কোর (প্রিজিআইএস) প্রযুক্তির উন্নয়ন প্রোস্টেট ক্যানসারের চিকিৎসাকে আরও নির্ভুল ও রোগীকেন্দ্রিক করতে বৈশ্বিক দুই প্রতিষ্ঠান এসওপিএইচআইএ জেনেটিকস ও মাইরিয়াড জেনেটিকস যৌথভাবে কাজ শুরু করেছে। প্রতিষ্ঠান দুটি জিনোমিক অস্থিতিশীলতা স্কোর (প্রিজিআইএস) প্রযুক্তির উন্নয়নে সম্মত হয়েছে।
এই প্রযুক্তির মাধ্যমে ক্যানসার কোষের জিনগত ত্রুটি শনাক্ত করা সম্ভব হবে। একই সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশের পরীক্ষাগারে সহজে এসব ত্রুটি শনাক্তের জন্য নতুন পরীক্ষাপদ্ধতিও তৈরি করা হচ্ছে।
উদ্যোগের মূল লক্ষ্য হলো ক্লিনিক্যাল ট্রায়ালে প্রিজিআইএস কতটা কার্যকর তা যাচাই করা এবং এ প্রযুক্তির ভিত্তিতে এমন পরীক্ষা তৈরি করা, যার মাধ্যমে নির্দিষ্ট রোগীদের জন্য উপযুক্ত লক্ষ্যভিত্তিক চিকিৎসা বেছে নেওয়া সহজ হয়। প্রিজিআইএস এক ধরনের বায়োমার্কার। এর মাধ্যমে প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত রোগীদের ক্রোমোজোমে অস্থিতিশীলতা রয়েছে কি না, তা মূল্যায়ন করা হয়। এ ধরনের অস্থিতিশীলতা হোমোলোগাস রিকম্বিনেশন ডেফিশিয়েন্সি (এইচআরডি) নামের একটি জিনগত ত্রুটির সঙ্গে সম্পর্কিত।
মাইরিয়াড প্রোস্টেট ক্যানসারের চিকিৎসায় এইচআরডিকে গুরুত্বপূর্ণ বায়োমার্কার হিসেবে ব্যবহারের লক্ষ্য নিয়ে প্রিজিআইএস তৈরি করেছে। এই জিনগত ত্রুটি শনাক্ত করা গেলে রোগের ভবিষ্যৎ গতিপ্রকৃতি সম্পর্কে ধারণা পাওয়া এবং চিকিৎসায় রোগী কতটা সাড়া দিতে পারেন, তা বুঝতে সহায়তা মিলতে পারে। বর্তমানে ডিম্বাশয়ের ক্যানসার শনাক্ত ও চিকিৎসার সিদ্ধান্ত নিতে মাইরিয়াডের মাইচয়েস সিডিএক্স পরীক্ষা ব্যবহার করা হয়। এ পরীক্ষার মাধ্যমে প্রিজিআইএস স্কোরও নির্ণয় করা যায়। এখন প্রোস্টেট ক্যানসারের ক্ষেত্রেও পরীক্ষাটির ব্যবহার বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
মাইরিয়াড জেনেটিকসের সহযোগী রোগনির্ণয় বিভাগের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট লু উইলেবব এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, “এ সহযোগিতা ক্যানসারের নির্ভুল ও রোগীকেন্দ্রিক চিকিৎসা উন্নয়নে মাইরিয়াডের সক্ষমতা তুলে ধরেছে। প্রিজিআইএস এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো ক্লিনিক্যাল ট্রায়ালে রোগীদের বিভিন্ন শ্রেণিতে ভাগ করতে পারে। পাশাপাশি, নির্দিষ্ট রোগীদের জন্য উপযুক্ত চিকিৎসা বেছে নিতে সহায়ক পরীক্ষা তৈরির কাজও এগিয়ে নেওয়া যায়।”
চুক্তির আওতায় এসওপিএইচআইএ জেনেটিকস তাদের এক্সটেন্ডেড হোমোলোগাস রিকম্বিনেশন সলিউশন নামের কঠিন টিউমার পরীক্ষাপদ্ধতিকে এমন একটি ব্যবস্থায় রূপ দিচ্ছে, যার মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের স্থানীয় পরীক্ষাগারেই পরীক্ষা করা যাবে। এ ব্যবস্থায় মাইরিয়াডের প্রিজিআইএস প্রযুক্তি যুক্ত করা হবে। এসওপিএইচআইএ জেনেটিকসের ক্লাউডভিত্তিক প্ল্যাটফর্মটি বিশ্বের ৭৫টির বেশি দেশে এক হাজারেরও বেশি প্রতিষ্ঠানকে সেবা দিচ্ছে।
প্রতিষ্ঠানটির জৈব ওষুধ ব্যবসা উন্নয়ন বিভাগের ভাইস প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক জেস ল্যাম্বে বলেন, “নির্ভুল চিকিৎসার ক্ষেত্রে ভৌগোলিক বৈষম্য একটি বড় সমস্যা। কারণ, উন্নত চিকিৎসাপদ্ধতি অনেক সময় প্রধান বাজারগুলোর বাইরে অন্য অঞ্চলের রোগীদের কাছে পৌঁছায় না। মাইরিয়াডের বায়োমার্কার প্রযুক্তি ও এসওপিএইচআইএ জেনেটিকসের বৈশ্বিক নেটওয়ার্ক একত্র করে এ সমস্যা সমাধানের চেষ্টা চলছে। স্থানীয় পরীক্ষাগারে পরীক্ষা করার সুযোগ তৈরি হলে নতুন চিকিৎসাপদ্ধতির জন্য উপযুক্ত রোগীদের শনাক্ত করা সহজ হতে পারে। এতে যেসব অঞ্চলে উন্নত চিকিৎসার সুযোগ সীমিত, সেখানকার রোগীরাও উপকৃত হতে পারেন।”
মাইরিয়াড জানিয়েছে, অ্যাস্ট্রাজেনেকার সঙ্গে যৌথভাবে প্রিজিআইএসের কার্যকারিতা মূল্যায়নসংক্রান্ত গবেষণার ফলাফল ২০২৬ সালের ইউরোপিয়ান সোসাইটি ফর মেডিকেল অনকোলজি (ইএসএমও) কংগ্রেসে উপস্থাপনের পরিকল্পনা রয়েছে। এ গবেষণার ফলাফল থেকে প্রিজিআইএসের কার্যকারিতা ও বৈশিষ্ট্য সম্পর্কে আরও বিস্তারিত জানা যাবে এবং রোগীদের চিকিৎসায় এ প্রযুক্তির ব্যবহার কতটা কার্যকর হতে পারে, তা যাচাইয়ের পথও তৈরি হবে।