দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু

Date: 2026-10-26
news-banner

অনলাইন ডেস্ক:

দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে প্রাদুর্ভাব শুরুর পর থেকে হাম ও এর সমজাতীয় উপসর্গে দেশে মোট ১ হাজার ২৩৩ শিশুর মৃত্যু হয়েছে।

একই সময়ে নতুন করে আরও ১ হাজার ৪৬৬ শিশুর শরীরে হাম ও হামের উপসর্গ শনাক্ত হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ কক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় পরীক্ষার মাধ্যমে ৭৮ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি হামের উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছে আরও ১ হাজার ৩৮৮ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৬ অক্টোবর পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১২৯ শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়া পরীক্ষাগারে হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে ১০৪ শিশু। সব মিলিয়ে হাম ও এর উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৩৩ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, দেশে বর্তমানে হামে আক্রান্ত সন্দেহভাজন রোগীর মোট সংখ্যা ২ লাখ ২২ হাজার ৫৫২ জন। এর মধ্যে পরীক্ষাগারে ২৩ হাজার ৪৭৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৯৭ হাজার ৯৯৯ শিশু হাসপাতালে চিকিৎসা নিয়েছে। তাদের মধ্যে ১ লাখ ৯০ হাজার ৩৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।ক্রমাগত সংক্রমণ ও শিশুদের মৃত্যুর ঘটনায় জনস্বাস্থ্য পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। এ পরিস্থিতিতে শিশুদের মধ্যে হামের লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

advertisement image

Leave Your Comments