আন্তর্জাতিক ডেস্ক
ভারতের মুম্বাইয়ে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিক্ষোভে অংশ নিয়ে আটক হয়েছেন বলিউড অভিনেতা ইমরান খান ও তার প্রেমিকা লেখাও ওয়াশিংটন। এ সময় ইমরান ও লেখাওসহ ৪০০ জনের বেশি বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ।
শনিবার (১০ অক্টোবর) মুম্বাইয়ের আগস্ট ক্রান্তি ময়দানসহ শহরের বিভিন্ন স্থানে এ আটকের ঘটনা ঘটে। অনুমতি ছাড়া জমায়েত ঠেকাতে পুলিশ এ পদক্ষেপ নেয়।
আটকের আগে বার্তা সংস্থা এএনআইকে ইমরান খান বলেন, দেশের একজন নাগরিক হিসেবে তিনি বিক্ষোভে অংশ নিয়েছেন। মানুষের চলাচলের স্বাধীনতা সীমিত করা এবং কণ্ঠস্বর দমনের অভিযোগ নিয়ে নিজের উদ্বেগের কথা জানান তিনি। ইমরান বলেন, তিনি কোনো সংগঠনের হয়ে নয়, বরং একজন নাগরিক হিসেবে সেখানে উপস্থিত হয়েছেন।
ইমরানের সঙ্গে তার চাচাতো বোন জেইন মেরিকেও আটক করা হয়। পরে পুলিশের গাড়ির ভেতর থেকে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন তিনি। ভিডিওটির ক্যাপশনে জেইন লেখেন, ‘রানঝোরে কা রাঠোর? এত কাছাকাছি।’ ২০০৮ সালে মুক্তি পাওয়া ইমরান খানের প্রথম সিনেমা ‘জানে তু ইয়া জানে না’র একটি চরিত্রের প্রতি ইঙ্গিত করে এ ক্যাপশন দেন জেইন। সিনেমাটিতে জয় সিং রাঠোর চরিত্রে অভিনয় করেছিলেন ইমরান। ছবিটির একটি স্মরণীয় দৃশ্যেও তার চরিত্রকে ঘিরে কারাগারের প্রসঙ্গ রয়েছে।
প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে নয়াদিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের ডাক দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় ভোটার তালিকা পরিবর্তন এবং ভোটার নিবন্ধনের জন্য ব্যবহৃত ফরম-৬ সংক্রান্ত পরিবর্তন নিয়ে অনিয়মের অভিযোগ তুলেছে দলটি।
২০০৮ সালে আব্বাস তায়ারেওয়ালার পরিচালনায় ‘জানে তু ইয়া জানে না’ সিনেমার মাধ্যমে প্রধান অভিনেতা হিসেবে চলচ্চিত্রে অভিষেক হয় ইমরানের। আমির খান প্রযোজিত রোমান্টিক কমেডি সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করেন জেনেলিয়া ডি’সুজা। ছবিটি তরুণ দর্শকদের মধ্যে জনপ্রিয়তা পায় এবং ইমরানকে পরিচিত মুখ হিসেবে প্রতিষ্ঠিত করে।
এরপর ‘কিডন্যাপ’, ‘লাক’, ‘আই হেট লাভ স্টোরিজ’, ‘ব্রেক কে বাদ’, ‘দিল্লি বেলি’ ও ‘মেরে ব্রাদার কি দুলহান’-এর মতো সিনেমায় অভিনয় করেন তিনি। পরবর্তী সময়ে ‘ওয়ান্স আপন আ টাইম ইন মুম্বাই দোবারা!’ ও ‘কাট্টি বাট্টি’তে কাজের পর বেশ কয়েক বছর চলচ্চিত্র থেকে দূরে ছিলেন ইমরান। সম্প্রতি বীর দাসের ‘হ্যাপি প্যাটেল’ সিনেমায় দেখা গেছে তাকে।