ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে টানা আন্দোলনে উত্তপ্ত হয়ে উঠেছে রাজধানী দিল্লি। পুলিশের হেফাজত থেকে মুক্তি পাওয়ার পর দেশজুড়ে আন্দোলন ছড়িয়ে দেওয়ার ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। দলটির সহ-আহ্বায়ক আশুতোষ রাঙ্কা বলেছেন, ‘লড়াই তো সবে শুরু হয়েছে। জ্ঞানেশ কুমার পদত্যাগ না করা পর্যন্ত প্রতিবাদ চলবে।’
রোববার (১১ অক্টোবর) দিল্লিতে আন্দোলনকারীদের নতুন করে জমায়েতের চেষ্টা ঘিরে উত্তেজনা ছড়ায়। এর আগে শনিবার যন্তর মন্তরে সমাবেশের চেষ্টা করলে কয়েক হাজার বিক্ষোভকারীকে আটক করা হয়। রোববারও একদল তরুণ বিক্ষোভকারী ওই এলাকায় যাওয়ার চেষ্টা করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পার্লামেন্ট স্ট্রিট, কনট প্লেস ও যন্তর মন্তর এলাকায় কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়।
বিক্ষোভে আটক ছাত্রনেত্রী ও সংসদ সদস্য
রোববার দুপুরের দিকে ব্যারিকেড পেরিয়ে বিক্ষোভকারীরা কনট প্লেসের দিকে এগোতে চাইলে পুলিশ আটক অভিযান শুরু করে। এ সময় অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) নেত্রী নেহা বোরাকে আটক করা হয়। একই এলাকা থেকে বিক্ষোভে অংশ নেওয়া ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)-এর রাজ্যসভার সংসদ সদস্য জন ব্রিটাসকেও আটক করা হয়। দিল্লি পুলিশের পক্ষ থেকে জানানো হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং শান্তি বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে বিক্ষোভকারীদের অভিযোগ, আন্দোলন দমনে পুলিশ অতিরিক্ত কঠোরতা দেখাচ্ছে।
বিমানের ভেতর থেকে আটক, মুক্তির শর্ত নিয়ে বিতর্ক
শনিবার সকালে মুম্বাই থেকে দিল্লিতে পৌঁছানোর পর বিমানের ভেতর থেকেই সিজেপির প্রধান অভিজিৎ দীপকে, সহ-আহ্বায়ক আশুতোষ রাঙ্কা ও নেতা সৌরভ দাসকে আটক করা হয়। পরে তাদের প্রতিরোধমূলক আটকের আওতায় নিয়ে রোববার সকালে দিল্লি ক্যান্টনমেন্টের নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হয়। এক বছরের জন্য শান্তি ভঙ্গ না করার শর্তে তাদের মুক্তি দেওয়া হয়। আশুতোষ রাঙ্কা অভিযোগ করেন, তাদের বেআইনিভাবে আটক করা হয়েছিল। অন্যদিকে মুক্তির পর অভিজিৎ দীপকে সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, প্রতিবাদ বন্ধ রাখার শর্তে তারা কোনো বন্ডে সই করেননি। সিজেপির পক্ষ থেকেও বলা হয়, শান্তিপূর্ণ প্রতিবাদ করা সাংবিধানিক অধিকার। মুক্তির পর দীপকে মহারাষ্ট্রে নিজ গ্রামের বাড়িতে চলে যান দাদির শেষকৃত্যে যোগ দিতে। যাওয়ার আগে তিনি জানান, আন্দোলন আবারও চলবে।
দিল্লির বাইরে আন্দোলন ছড়িয়ে দেওয়ার ঘোষণা
সিজেপি নেতা সৌরভ দাস বলেন, প্রতিবাদ শুধু দিল্লিতে সীমাবদ্ধ থাকবে না, দেশের অন্যান্য এলাকাতেও ছড়িয়ে দেওয়া হবে। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার অপব্যবহারের অভিযোগ তুলে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সমালোচনা করেন।
সিজেপির নেতাদের দাবি, ভোটার তালিকা সংশোধনের নামে বিপুলসংখ্যক মানুষের ভোটাধিকার ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। তবে নির্বাচন কমিশন ও বিজেপি এ ধরনের অনিয়মের অভিযোগ অস্বীকার করেছে। তাদের বক্তব্য, ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার ক্ষেত্রে মৃত্যু, স্থানান্তর কিংবা সংশ্লিষ্ট ব্যক্তির সন্ধান না পাওয়ার মতো কারণ রয়েছে।
পুলিশের বিরুদ্ধে অভিযোগ আন্দোলনকারীদের
সিজেপির আইনি দলের প্রধান রত্না সিং অভিযোগ করেন, আন্দোলনকারীদের পরিবারের সদস্যদের হুমকি দেওয়া হচ্ছে এবং বিক্ষোভে অংশ নেওয়া থেকে বিরত থাকতে চাপ দেওয়া হচ্ছে। পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। সৌরভ দাসের অভিযোগ, দিল্লি পুলিশ গুরুদ্বারা বাংলা সাহিবে প্রবেশ করে বিক্ষোভকারীদের সরিয়ে দিয়েছে। এ ঘটনায় শিখ সম্প্রদায়ের প্রতি সংহতি জানানোর আহ্বান জানান তিনি। অন্যদিকে স্টুডেন্টস ফেডারেশন অব ইন্ডিয়ার (এসএফআই) নেত্রী ঐশী ঘোষ বলেন, তারা সংবিধান মেনে আন্দোলন চালিয়ে যাবেন। বিক্ষোভকারীদের দাবি, শান্তিপূর্ণ প্রতিবাদ করার অধিকার নিশ্চিত করতে হবে।
সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ
বিক্ষোভ ঘিরে কঠোর নিরাপত্তা, গণপরিবহন ব্যাহত হওয়া এবং ইন্টারনেট পরিষেবা নিয়ে অভিযোগের পর বিষয়টি সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ায়। দেশ রূপান্তরের প্রতিবেদনে বলা হয়েছে, রোববার বিশেষ শুনানিতে আদালত কেন্দ্রকে নোটিশ দিয়েছেন। আদালত মেট্রো ও রেল পরিষেবা স্বাভাবিক রাখা, ব্যারিকেডের প্রয়োজনীয়তা পর্যালোচনা এবং ইন্টারনেট পরিষেবা অক্ষুণ্ন রাখার বিষয়ে নির্দেশ দিয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। পাশাপাশি শান্তিপূর্ণ ও নিরস্ত্র জমায়েতের ক্ষেত্রে আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়ার কথাও বলা হয়েছে। মামলার পরবর্তী শুনানি মঙ্গলবার নির্ধারিত রয়েছে।
সিজেপিকে বিরোধীদের ‘বি-টিম’ বলছে বিজেপি
বিক্ষোভের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে বলে অভিযোগ করেছে বিজেপি। দলটির নেতারা সিজেপিকে বিরোধী শিবিরের সহযোগী হিসেবে তুলে ধরেছেন। বিজেপির পক্ষ থেকে আরও অভিযোগ করা হয়েছে, আন্দোলনের মাধ্যমে দেশের ক্ষতি করার চেষ্টা চলছে। অন্যদিকে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, গণতন্ত্রে ভিন্নমত প্রকাশের অধিকার রয়েছে, তবে নৈরাজ্য সৃষ্টির অধিকার কারও নেই। জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে শুরু হওয়া এই আন্দোলন আগামী দিনগুলোতে কোন দিকে এগোয়, তা নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা চলছে। সিজেপি নেতারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিলেও নির্বাচন কমিশন ও ক্ষমতাসীন বিজেপি তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রত্যাখ্যান করেছে।