প্রেসিডেনশিয়াল প্যালেসে হুতিদের হামলা, অল্পের জন্য রক্ষা প্রধানমন্ত্রী

Date: 2026-10-16
news-banner


আন্তর্জাতিক ডেক্স


ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় শহর এডেনে অবস্থিত প্রেসিডেনশিয়াল প্যালেস কমপ্লেক্সে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। এতে নিরাপত্তা বাহিনীর দুই সদস্য নিহত হয়েছেন। তবে হামলার সময় কমপ্লেক্সে অবস্থান করা দেশটির প্রধানমন্ত্রী শায়া আল-জিন্দানি ও মন্ত্রিসভার সদস্যরা অক্ষত রয়েছেন।


বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এ হামলার ঘটনা ঘটে বলে সরকারি কর্মকর্তাদের বরাতে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। দুই ইয়েমেনি সরকারি কর্মকর্তা রয়টার্সকে জানান, এডেনের মাশিক প্রেসিডেনশিয়াল প্যালেস কমপ্লেক্স লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। ইয়েমেনের তথ্যমন্ত্রী মোয়াম্মার আল-ইরিয়ানি জানান, হুতিরা ওই কমপ্লেক্স লক্ষ্য করে পাঁচটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। হামলার সময় সেখানে অবস্থান করা প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যরা নিরাপদ রয়েছেন বলেও জানান তিনি।


অন্যদিকে, হুতি-নিয়ন্ত্রিত সাবা বার্তা সংস্থা এক সামরিক কর্মকর্তার বরাত দিয়ে দাবি করেছে, কমপ্লেক্সে অবস্থানরত সৌদি কর্মকর্তাদের পরিচালিত একটি সামরিক অভিযান সদরদপ্তর ও অস্ত্রের গুদাম লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। তবে হুতিদের এ দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি রয়টার্স।


হুতি গোষ্ঠীর সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন, এডেনে অবস্থিত সৌদি সামরিক অভিযান সদরদপ্তরকে লক্ষ্য করে চালানো হামলা তাদের পূর্বঘোষিত নীতির অংশ। তাঁর দাবি, যেখানে সৌদি সামরিক বাহিনীর সদস্যরা সমবেত হবেন, সেখানেই হামলা চালানো হবে।


এর আগে তিনজন প্রত্যক্ষদর্শী রয়টার্সকে জানিয়েছিলেন, প্রেসিডেনশিয়াল প্যালেস কমপ্লেক্সের আশপাশে তাঁরা বেশ কয়েকটি জোরালো বিস্ফোরণের শব্দ শুনেছেন।হামলার ঘটনায় নিরাপত্তা বাহিনীর দুই সদস্য নিহত হলেও প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যরা অক্ষত রয়েছেন বলে জানিয়েছেন ইয়েমেনের সরকারি কর্মকর্তারা। এ হামলার বিষয়ে বিস্তারিত তথ্য এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে আর কিছু জানা যায়নি।


সূত্র: রয়টার্স

advertisement image

Leave Your Comments