অনলাইন ডেস্ক
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার বাংলাদেশ-ভারত সীমান্ত এলাকায় মাদক উদ্ধারে অভিযান চালাতে গিয়ে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের হাতে আটক হয়েছেন বাংলাদেশ পুলিশের দুই সদস্য। আটক দুজনের মধ্যে একজন সহকারী উপপরিদর্শক (এএসআই) এবং অন্যজন কনস্টেবল। তারা দুজনই ব্রাহ্মণপাড়া থানায় কর্মরত।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার শশীদল ইউনিয়নের আশাবাড়ি সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন। তিনি জানান, এ বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তারা ফোনে কথা বলছেন। দ্রুতই বিষয়টির সমাধান হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
পুলিশ সূত্রে জানা গেছে, আশাবাড়ি এলাকার ২০৫৯ নম্বর সীমান্ত পিলার-সংলগ্ন স্থানে মাদক উদ্ধারে অভিযান চালাতে যান এএসআই ইমরান হোসেন ও কনস্টেবল রোহিত দেওয়ান। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে এক মাদক কারবারি দৌড়ে পালানোর চেষ্টা করেন। তখন কনস্টেবল রোহিত দেওয়ান তাকে ধাওয়া করেন।
একপর্যায়ে সীমান্ত এলাকায় অবস্থানরত কয়েকজন ভারতীয় নাগরিক ওই কনস্টেবলকে আটক করেন। সহকর্মীকে ছাড়িয়ে আনতে গেলে এএসআই ইমরান হোসেনকেও আটক করা হয়। পরে সেখানে উপস্থিত বিএসএফ সদস্যদের ডেকে আনা হয়।
ঘটনার পর থেকে আটক দুই পুলিশ সদস্যকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে। এ বিষয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে যোগাযোগ অব্যাহত রয়েছে। তবে দুই পুলিশ সদস্যকে আটকের ঘটনায় সীমান্তের ঠিক কোন পাশে তারা অবস্থান করছিলেন, সে বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
বিডি প্রতিদিন/কেএইচটি