অনলাইন ডেস্ক
ভারতের রাজধানী দিল্লিতে ১৬৩ ধারা জারি করে চার বা তার বেশি মানুষের জমায়েত নিষিদ্ধ করা হলেও ‘তেরঙা ওড়াও’ কর্মসূচি পালনে অনড় ককরোচ জনতা পার্টি (সিজেপি)।
শুক্রবার (১৬ অক্টোবর) দিল্লির কনট প্লেসের সেন্ট্রাল পার্কে এই কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে সংগঠনটি। তবে দিল্লি পুলিশ কর্মসূচির অনুমতি দেয়নি। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে তারা। ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে এবং বাম ছাত্র সংগঠন আইসারের নেত্রী নেহা বোরা জানিয়েছেন, পুলিশের হুঁশিয়ারি সত্ত্বেও তারা কর্মসূচি থেকে সরে আসবেন না। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তারা ‘তেরঙা ওড়াও’ কর্মসূচি পালনের বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেন।
কর্মসূচিতে সমর্থন জানাতে কংগ্রেসসহ বিরোধী রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন দীপকে। তাঁর ভাষ্য, রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে সব রাজনৈতিক দল ও যুবসমাজের ঐক্যবদ্ধভাবে শুক্রবারের কর্মসূচিতে অংশ নেওয়া উচিত। এদিকে কর্মসূচিকে কেন্দ্র করে কনট প্লেসের সেন্ট্রাল পার্ক আগামী দুই দিনের জন্য বন্ধ রাখার ঘোষণা দিয়েছে নিউ দিল্লি মিউনিসিপ্যাল কাউন্সিল (এনডিএমসি)। দিল্লি পুলিশের পক্ষ থেকেও জানানো হয়েছে, ১৬৩ ধারা অমান্য করে জমায়েত করা হলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
কনট প্লেসের পালিকা বাজারের পোশাক ব্যবসায়ী অনিলকুমার গুপ্ত নবরাত্রি ও দশেরা উৎসবের মৌসুমে ব্যবসা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা প্রকাশ করে কর্মসূচি বাতিলের দাবিতে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। তাঁর আশঙ্কা, কর্মসূচির কারণে ব্যবসা-বাণিজ্য ব্যাহত হলে আর্থিক ক্ষতির মুখে পড়তে পারেন ব্যবসায়ীরা।
বৃহস্পতিবার ওই আবেদনের শুনানিতে দিল্লি পুলিশের পক্ষ থেকে ‘তেরঙা ওড়াও’ কর্মসূচির বিরুদ্ধে নির্দেশ জারির আবেদন জানানো হয়। তবে আদালত সেই আবেদন খারিজ করে দেন। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি নিতিন ওয়াসুদেও সাম্ব্রে ও বিচারপতি সঞ্জয় শর্মার বেঞ্চ জানায়, মামলার পরবর্তী শুনানি হবে আগামী ৩ নভেম্বর।
শুনানিতে দিল্লি পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়, শুক্রবারের কর্মসূচি ঘিরে সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। রাজধানীর অন্যতম ব্যস্ত বাণিজ্যিক এলাকা কনট প্লেসে অনুমোদনহীন জমায়েতের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেছে পুলিশ।সব মিলিয়ে, পুলিশের নিষেধাজ্ঞা ও কঠোর অবস্থানের মধ্যেও ‘তেরঙা ওড়াও’ কর্মসূচি ঘিরে দিল্লিতে উত্তেজনা বিরাজ করছে।