জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, কম মজুরি, আবাসন সংকট ও সরকারি সেবার অবনতির প্রতিবাদে ইউরোপের চার দেশ ফ্রান্স, বেলজিয়াম, ইতালি ও পর্তুগালে রাস্তায় নেমেছেন লাখো মানুষ।
শনিবার (১৭ অক্টোবর) বিভিন্ন শহরে অনুষ্ঠিত এসব বিক্ষোভের কয়েকটি সহিংসতায় রূপ নেয়। এ সময় ভাঙচুর, অগ্নিসংযোগ, দোকান লুটপাট ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে।বার্তা সংস্থা এএফপির তথ্য অনুযায়ী, ফ্রান্সের প্যারিস, মার্সেই, নিস, নঁত, বোর্দো, লিমোজ, লিল, তুলুজ ও স্ত্রাসবুর্গসহ বিভিন্ন শহরে বিক্ষোভ চলাকালে কয়েক ডজন দোকান লুট করা হয়। দেশটিতে স্কুলের পরিবেশের অবনতি, জ্বালানির মূল্যবৃদ্ধি ও জীবনযাত্রার ব্যয়ের প্রতিবাদে আনুমানিক ৫ লাখ ৫০ হাজার মানুষ কর্মসূচিতে অংশ নেন।
প্যারিসে গভীর রাত পর্যন্ত বিভিন্ন স্থানে আগুন জ্বলতে দেখা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে দাঙ্গা পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ ও লাঠিচার্জ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা চালায়। এদিকে, দাঙ্গাকারীদের অগ্নিসংযোগের অভিযোগে ফ্রান্সের ১৪৩ বছরের পুরোনো একটি ঐতিহাসিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রকাশিত ভিডিওতে স্থাপনাটির ছাদ ভেঙে নিচের তলায় পড়ে যেতে দেখা যায়। লিমোজে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, বিক্ষোভকারীদের দেওয়া আগুনে শহরের টাউন হলের প্রায় দুই-তৃতীয়াংশ ধ্বংস হয়েছে। তারা এ ক্ষয়ক্ষতিকে ঐতিহ্যের জন্য ‘বিপর্যয়’ হিসেবে বর্ণনা করেছেন।
বিক্ষোভের ঘটনায় অন্তত ১৯৫ জনকে আটক করা হয়েছে। আন্দোলন দমনে পুলিশের ভূমিকা নিয়েও সমালোচনা বাড়ছে। গত মাসে শিক্ষার্থীদের নেতৃত্বে শুরু হওয়া এ আন্দোলন পরে বিস্তৃত আকার ধারণ করে। শিক্ষাপ্রতিষ্ঠানের অবনতিশীল পরিস্থিতি, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং সরকারের নিষ্ক্রিয়তার অভিযোগ আন্দোলনকে আরও জোরালো করেছে।
চলতি সপ্তাহের শুরুতে পুলিশের অভিযানে ১৪ বছর বয়সী এক কিশোরের চোয়াল ভেঙে যাওয়ার ঘটনা নিয়ে ক্ষোভ তৈরি হয়। এ ছাড়া উত্তর-পশ্চিম ফ্রান্সের আলঁসোঁ শহরে এক পুলিশ কর্মকর্তাকে এক কিশোরীকে হেডলক দিয়ে আটকাতে দেখা যায়। আইন অনুযায়ী, এ ধরনের কৌশল নিষিদ্ধ। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ শান্তিপূর্ণ বিক্ষোভের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, পুলিশ প্রশাসনের কার্যালয়, ব্যবসাপ্রতিষ্ঠান ও টাউন হলে হামলা এবং লুটপাট চালানো ব্যক্তিদের বিচারের মুখোমুখি করা হবে।
ফ্রান্সের পাশাপাশি বেলজিয়ামেও বিক্ষোভ ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। রাজধানী ব্রাসেলসে পুলিশের দিকে বিভিন্ন বস্তু নিক্ষেপ ও আগুন জ্বালানোর অভিযোগে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করা হয়। লিয়েজ শহরেও জলকামান মোতায়েন করে পুলিশ।
পর্তুগালের রাজধানী লিসবনে কয়েক দশ হাজার মানুষ জীবনযাত্রার ব্যয়, কম মজুরি এবং বড় শহরগুলোতে আবাসন সংকটের প্রতিবাদে মিছিল করেন। দেশটিতে ২০১৭ সালের পর থেকে বাড়ির দাম দ্বিগুণেরও বেশি বেড়েছে। নতুন ভাড়ার চুক্তিতেও বাসাভাড়া উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। শুক্রবার পর্তুগালের সংসদবিষয়ক মন্ত্রী কার্লোস আব্রেউ আমোরিম বলেন, ‘রাস্তায় চিৎকারের কাছে সরকার নতি স্বীকার করবে না।’ অন্যদিকে, বিক্ষোভকারীরা অভিযোগ করেন, রাজনৈতিক নেতারা সাধারণ মানুষের উদ্বেগ ও দৈনন্দিন সমস্যার সঙ্গে সংযোগ হারিয়ে ফেলেছেন।
ইতালির মিলান ও বোলোনিয়ায় বিক্ষোভকারীদের পাথর নিক্ষেপ এবং পুলিশের সঙ্গে সংঘর্ষের খবর জানিয়েছে পুলিশ। একই সময়ে দেশটির বিভিন্ন স্থানে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে শান্তিপূর্ণ কর্মসূচিও অনুষ্ঠিত হয়। জীবনযাত্রার ব্যয়, মজুরি, আবাসন ও সরকারি সেবার মতো অভিন্ন সমস্যাকে কেন্দ্র করে ইউরোপের চার দেশে ছড়িয়ে পড়া এই বিক্ষোভ সংশ্লিষ্ট সরকারগুলোর ওপর নতুন চাপ তৈরি করেছে। একই সঙ্গে আন্দোলন মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা এবং জনঅসন্তোষের কারণগুলো নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।