অনলাইন ডেস্ক
উজবেকিস্তানের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোসহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা করেছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। এ লক্ষ্যে দুই দেশের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) সম্পাদনের সম্ভাবনাও আলোচনায় উঠে এসেছে।
রোববার (১৮ অক্টোবর) ইরাকের রাজধানী বাগদাদে অনুষ্ঠিত ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রী পরিষদের ৫২তম সম্মেলনের সাইডলাইনে উজবেকিস্তানের উপপররাষ্ট্রমন্ত্রী আলোয়েভ বাখরোমজন জুরাবোয়েভিচের সঙ্গে সাক্ষাৎ করেন হুমায়ুন কবির।
সাক্ষাতে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, আকাশপথে যোগাযোগ বৃদ্ধি, পর্যটন খাতে সহযোগিতা এবং ব্যবসায়িক পর্যায়ে যোগাযোগ জোরদারসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি বহুপক্ষীয় ফোরামে পারস্পরিক সমর্থন ও সহযোগিতা বাড়ানোর বিষয়েও উভয় পক্ষ মতবিনিময় করেন।
বৈঠকে বাংলাদেশ ও উজবেকিস্তানের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হয়। বিশেষ করে, দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে একটি মুক্ত বাণিজ্য চুক্তি সম্পাদনের সম্ভাবনা নিয়ে আলোচনা দুই দেশের অর্থনৈতিক সহযোগিতার নতুন সুযোগ তৈরির ইঙ্গিত দিচ্ছে।
উল্লেখ্য, ১৭ ও ১৮ অক্টোবর বাগদাদে অনুষ্ঠিত ওআইসি পররাষ্ট্রমন্ত্রী পরিষদের ৫২তম সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। সম্মেলনের সাইডলাইনে বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের মাধ্যমে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক ও আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের উদ্যোগ নেওয়া হচ্ছে।