আন্তর্জতিক ডেক্স
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ আগ্রাসনের প্রভাব ইরানের সীমানা ছাড়িয়ে আঞ্চলিক অন্যান্য দেশের ভাগ্যও নির্ধারণ করতে পারে বলে সতর্ক করেছেন ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেব্বি।
শনিবার (২৪ অক্টোবর) তিনি বলেন, বর্তমান সংঘাতের পরিস্থিতি সম্পর্কে ইরানের জনগণকে সচেতন থাকতে হবে। একই সঙ্গে জাতীয় ঐক্য বজায় রেখে দেশের নিজস্ব সক্ষমতার ওপর নির্ভর করতে হবে, যাতে তারা সচেতন ও দায়িত্বশীলভাবে নিজেদের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারেন। মোহেব্বি আত্মবিশ্বাস প্রকাশ করে বলেন, ইরান এই ‘প্রলয়ংকরী যুদ্ধে’ ‘চূড়ান্ত বিজয়’ অর্জন করবে এবং একটি বৈশ্বিক পরাশক্তি হিসেবে আবির্ভূত হবে।
তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের সংঘাত শুধু সামরিক ক্ষেত্রে সীমাবদ্ধ নয়। এর সঙ্গে দেশটির জাতীয় পরিচয়, সংস্কৃতি, ধর্ম এবং ইরানি-ইসলামি সভ্যতার অস্তিত্বের প্রশ্নও জড়িত। আইআরজিসির মুখপাত্র বলেন, “দেশের ভৌগোলিক অখণ্ডতা রক্ষা এবং জাতীয় ও ধর্মীয় পরিচয় সুরক্ষিত রাখা বর্তমানে ইরানি জাতির অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব।”
তিনি আরও অভিযোগ করেন, ইরানের জাতীয় পরিচয় দুর্বল করা, সংস্কৃতি মুছে ফেলা এবং নিজেদের মূল্যবোধ ও আদর্শ চাপিয়ে দেওয়ার মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দেশটিকে দুর্বল ও বিভক্ত করতে চায়। মোহেব্বির মতে, শত্রুর বিরুদ্ধে জনগণের দৃঢ়তা ও প্রতিরোধ ইরানকে বর্তমান পরিস্থিতি কাটিয়ে উঠতে এবং মর্যাদা ও শক্তির ভিত্তিতে ভবিষ্যৎ গড়ে তুলতে সহায়তা করবে।
দেশটির সার্বিক প্রতিরক্ষার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, “আজ আমাদের ইরানের ভৌগোলিক অখণ্ডতা, সংস্কৃতি, জাতীয় ও ধর্মীয় পরিচয় এবং সভ্যতা রক্ষা করতে হবে।”
সূত্র: প্রেস টিভি