মস্কোতে পুতিনের সঙ্গে বৈঠক করবেন পেজেশকিয়ান

Date: 2026-10-24
news-banner

আন্তর্জাতিক ডেক্স


ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান শিগগিরই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করতে মস্কো সফর করবেন। বৈঠকে দুই দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা সম্প্রসারণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন রাশিয়ায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালি।

শনিবার রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা রিয়া নভোস্তিকে দেওয়া এক সাক্ষাৎকারে জালালি বলেন, তেহরান ও মস্কোর মধ্যে চলমান উচ্চপর্যায়ের কূটনৈতিক যোগাযোগের ধারাবাহিকতায় এ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে।

তিনি জানান, বৈঠকে আন্তর্জাতিক উত্তর-দক্ষিণ পরিবহন করিডর, জ্বালানি নিরাপত্তা, খাদ্যনিরাপত্তা এবং বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণের মতো বিষয়গুলো গুরুত্ব পাবে।জালালি আরও বলেন, সম্প্রতি তেহরানে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের সময় রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ জানিয়েছিলেন, মস্কোতে চলতি মাসের শেষ দিকে গ্যাস রপ্তানিকারক দেশগুলোর ফোরামের (জিইসিএফ) সম্মেলনে পেজেশকিয়ানের অংশগ্রহণের অপেক্ষায় রয়েছেন পুতিন। একই সঙ্গে দুই নেতার দ্বিপক্ষীয় বৈঠকের বিষয়টিও বিবেচনা করা হচ্ছে।

ইরানি রাষ্ট্রদূতের ভাষ্য অনুযায়ী, সাম্প্রতিক মাসগুলোতে দুই দেশের প্রেসিডেন্ট একাধিকবার বৈঠক করেছেন। আসন্ন আলোচনায় অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতার পাশাপাশি ভূরাজনৈতিক, আন্তর্জাতিক ও রাজনৈতিক বিভিন্ন বিষয়েও মতবিনিময় করবেন তাঁরা। তবে সফরকালে দুই দেশের প্রেসিডেন্টের কোনো চুক্তি বা নথিতে স্বাক্ষর করার পরিকল্পনা নেই।

এদিকে, চলতি সপ্তাহের শুরুতে তেহরানে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে বৈঠকের পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিও দুই প্রেসিডেন্টের আসন্ন বৈঠকের বিষয়টি নিশ্চিত করেন।

আরাগচি বলেন, আগামী সপ্তাহে দুই দেশের প্রেসিডেন্টের অংশগ্রহণে মস্কোতে আলোচনা ও পরামর্শ অব্যাহত থাকবে। লাভরভের সঙ্গে বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক এবং গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে বলেও জানান তিনি।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বৈঠকে রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ, বিদ্যমান চুক্তি বাস্তবায়ন এবং দুই দেশের ব্যাপক কৌশলগত অংশীদারত্ব জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি অভিন্ন স্বার্থ রক্ষা এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে নিয়মিত আলোচনা অব্যাহত রাখার বিষয়েও দুই পক্ষ একমত হয়েছে।

উল্লেখ্য, ২০২৫ সালের জানুয়ারিতে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের মস্কো সফরের সময় রাশিয়া ও ইরান একটি ব্যাপক কৌশলগত অংশীদারত্ব চুক্তি স্বাক্ষর করে। ওই চুক্তিতে রাজনৈতিক, অর্থনৈতিক, নিরাপত্তা, প্রতিরক্ষা, জ্বালানি ও পরিবহনসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার কাঠামো নির্ধারণ করা হয়।


সূত্র: প্রেস টিভি

advertisement image

Leave Your Comments