ফ্রান্সে ফের উত্তাল রাজপথ, বিক্ষোভ ঘিরে কঠোর নিরাপত্তা

Date: 2026-10-24
news-banner

আন্তর্জাতিক ডেক্স 


ফ্রান্সে আবারও বিক্ষোভ ঘিরে উত্তেজনা তৈরি হয়েছে। সহিংসতার আশঙ্কায় রাজধানী প্যারিসের বেশ কয়েকটি জনপ্রিয় পর্যটনকেন্দ্র ও জাদুঘর বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশজুড়ে প্রায় ৭০ হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।


জীবনযাত্রার উচ্চ ব্যয়ের বিরুদ্ধে গড়ে ওঠা ‘ইয়েলো ভেস্ট’ আন্দোলন আগামী ৩১ অক্টোবর নতুন কর্মসূচি পালনের ডাক দিয়েছে। মূলত গ্রামীণ এলাকাভিত্তিক এই আন্দোলনের আয়োজকেরা জানিয়েছেন, তাঁরা আবারও সমাবেশের প্রস্তুতি নিচ্ছেন।


আন্দোলনকারীরা প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁর শাসনপদ্ধতিকে ‘কর্তৃত্ববাদী প্রবণতা’ বলে সমালোচনা করেছেন। পার্লামেন্ট ভবন এবং দেশের বিভিন্ন শহরের প্রশাসনিক কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালনের পরিকল্পনাও রয়েছে তাঁদের। পুলিশ ইউনিয়নগুলোর একটি বিক্ষোভ মিছিল রাজধানীর বাইরের দিকে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছিল। ইউনিয়নগুলো এ নির্দেশ মেনে নিলেও ‘ইয়েলো ভেস্ট’ আন্দোলনের সদস্যরা তা প্রত্যাখ্যান করেছেন।


আন্দোলনের একজন সমন্বয়কারী প্যারিসের বাস্তিল চত্বরে সাংবাদিকদের বলেন, আগামী শনিবার তাঁরা ‘বিক্ষোভ করার অধিকার এবং অন্যান্য সব স্বাধীনতার’ পক্ষে প্রতিবাদ জানাবেন।২০১৮ থেকে ২০২০ সাল পর্যন্ত জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ফ্রান্সে যে বিক্ষোভ হয়েছিল, তাতে ‘ইয়েলো ভেস্ট’ আন্দোলন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দীর্ঘ বিরতির পর দেশটিতে নতুন করে বিক্ষোভের আবহে সংগঠনটির তৎপরতা আবারও সামনে এসেছে।নিরাপত্তাঝুঁকির কারণে শনিবার (২৪ অক্টোবর) প্যারিসের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে।


বন্ধ থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ল্যুভর মিউজিয়াম, অরসে মিউজিয়াম ও পিকাসো মিউজিয়াম। এ ছাড়া গ্রঁ পালে বন্ধ রাখা হয়েছে, যেখানে বর্তমানে ফরাসি চিত্রশিল্পী পল সেজানের একটি বড় প্রদর্শনী চলছে। শুক্রবার জনসাধারণের জন্য উন্মুক্ত হওয়া সমসাময়িক শিল্পকলার মেলা ‘আর্ট বাসেল প্যারিস’ পরদিনই বন্ধ করে দেওয়া হয়। একই সঙ্গে সপ্তাহান্তের পুরো কর্মসূচি বাতিল করা হয়েছে।


পর্যটকদের কাছে জনপ্রিয় টুইলারি গার্ডেনস ও আর্ক দ্য ত্রিয়ঁফও দর্শনার্থীদের জন্য বন্ধ রাখা হয়েছে। এ ছাড়া আর্ক দ্য ত্রিয়ঁফের দিকে যাওয়া শঁজ-এলিজে সড়কসহ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। গত ১৭ অক্টোবরের বিক্ষোভে বড় ধরনের সহিংসতার ঘটনা ঘটেছিল। শনিবারের কর্মসূচিতেও একই ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ। এ কারণেই গুরুত্বপূর্ণ পর্যটনকেন্দ্রগুলো বন্ধ রাখা এবং নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।

সূত্রঃ dw

advertisement image

Leave Your Comments