আন্তর্জাতিক ডেক্স
ইসলামের দুই পবিত্র নগরী মক্কা ও মদিনার নিরাপত্তা ও পবিত্রতাকে ‘রেড লাইন’ বা চূড়ান্ত সীমা হিসেবে ঘোষণা করেছে সৌদি আরব। ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের ধারাবাহিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার নিন্দা জানিয়ে এ সতর্কবার্তা দিয়েছেন দুই পবিত্র মসজিদের ধর্মীয় বিষয়ক প্রধান শেখ আবদুর রহমান আল-সুদাইস।
শেখ আল-সুদাইস বলেছেন, “মক্কা ও মদিনার নিরাপত্তা এবং পবিত্রতা এমন একটি রেড লাইন, যা কোনোভাবেই অতিক্রম করা যাবে না।” তিনি হুতিদের এসব হামলাকে ‘অপরাধমূলক কর্মকৌশল’ এবং মুসলমান ও তাদের পবিত্র স্থানগুলোর প্রতি বিদ্বেষপূর্ণ মনোভাবের বহিঃপ্রকাশ বলে অভিহিত করেছেন।
সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার (২৪ অক্টোবর) মক্কা ও মদিনা অঞ্চলের দিকে ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করা হয়েছে। ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়েছে মক্কার ওয়াদি আল-মুগাম্মাস, জেদ্দার আল-নুজহা, তাইফের ওয়াদি জলিল এবং রাবিগের মাসতুরা এলাকায়। সিভিল ডিফেন্সের দলগুলো সেখানে উদ্ধার ও নিরাপত্তামূলক কার্যক্রম চালিয়েছে।
এদিকে রোববার ভোরে রিয়াদে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, রাজধানীর দিকে ছোড়া দুটি সশস্ত্র ড্রোন ও একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। এছাড়া দক্ষিণাঞ্চলের খামিস মুশাইত শহরকে লক্ষ্য করে ছোড়া একটি ক্রুজ ক্ষেপণাস্ত্রও ধ্বংস করা হয়েছে। জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি বলেছেন, “সন্ত্রাসী হুতি মিলিশিয়ার পক্ষ থেকে রিয়াদকে লক্ষ্য করে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষাব্যবস্থা প্রতিহত ও ধ্বংস করেছে।”
হুতিরা মক্কা ও মদিনাকে লক্ষ্য করে হামলার অভিযোগ অস্বীকার করেছে। তারা সৌদি আরবের অভিযোগকে ‘বড় ধরনের মিথ্যা’ বলে আখ্যা দিয়ে দাবি করেছে, তাদের লক্ষ্য ছিল সৌদি তেল স্থাপনা ও সামরিক ঘাঁটি। শেখ আল-সুদাইস সৌদি আরবের প্রতিরক্ষা ব্যবস্থার প্রশংসা করে বলেছেন, এসব হামলায় দেশটির স্থিতিশীলতা নষ্ট হবে না। বরং পবিত্র স্থানগুলো এবং লাখ লাখ হাজি ও ওমরাহ পালনকারীর নিরাপত্তা নিশ্চিত করার সংকল্প আরও দৃঢ় হবে।