অনলাইন ডেস্ক
ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচনে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন ডানপন্থি ও ধর্মীয় দলগুলোর জোট পিছিয়ে রয়েছে। দেশটির তিনটি প্রধান টেলিভিশন চ্যানেলের বুথফেরত জরিপে সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন বিরোধী জোট এগিয়ে থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইসরায়েল। স্থানীয় সময় রাত ১০টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই জরিপগুলোর ফল প্রকাশ করা হয়।
জরিপ অনুযায়ী, ১২০ আসনের নেসেটে নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট পেতে পারে ৫০টি আসন। অন্যদিকে, গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন বিরোধী জোট পেতে পারে ৫২ থেকে ৫৩টি আসন। বর্তমানে পার্লামেন্টে নেতানিয়াহুর জোটের আসনসংখ্যা ৬৮।
ইসরায়েলের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম কান এবং বেসরকারি টেলিভিশন চ্যানেল ১২ ও ১৩-এর বুথফেরত জরিপে এ পূর্বাভাস উঠে এসেছে। কান ও চ্যানেল ১৩-এর জরিপে বিরোধী জোটের সম্ভাব্য আসনসংখ্যা ৫৩টি এবং চ্যানেল ১২-এর জরিপে ৫২টি দেখানো হয়েছে।
তবে একক দল হিসেবে নেতানিয়াহুর লিকুদ পার্টি সবচেয়ে বেশি আসন পেতে পারে বলে জরিপে ইঙ্গিত দেওয়া হয়েছে। তা সত্ত্বেও সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১টি আসনের সংখ্যাগরিষ্ঠতা অর্জন থেকে তাঁর জোট পিছিয়ে রয়েছে। ফলে ক্ষমতা ধরে রাখতে নেতানিয়াহুকে কঠিন রাজনৈতিক সমীকরণের মুখোমুখি হতে হতে পারে।
এ ছাড়া আরব দলগুলোর জোট ‘জয়েন্ট লিস্ট’ এবং আরেকটি আরব দল ‘রা'আম’ সম্মিলিতভাবে ১৭ থেকে ১৮টি আসন পেতে পারে বলে বুথফেরত জরিপে পূর্বাভাস দেওয়া হয়েছে।
জরিপের ফল প্রকাশের পর বিরোধীদলীয় নেতা ইয়ার লাপিদ নেতানিয়াহুর জোটের পরাজয়ের দাবি করেন। এক বিবৃতিতে তিনি বলেন, “কাউকে আপনাদের বিভ্রান্ত করতে দেবেন না। নেতানিয়াহুর ব্লক বিপর্যয়কর পরাজয় বরণ করেছে। পুরোপুরি ধস নেমেছে এবং জনগণ তাদের ঘরে ঢুকে যেতে বলেছে।” তবে বুথফেরত জরিপের ফল চূড়ান্ত নয়। আনুষ্ঠানিক ভোট গণনা শেষে প্রকৃত ফল জানা যাবে।