আন্তর্জাতিক ডেক্স
মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের কনস্যুলার সেবা আরও সহজ ও গতিশীল করতে কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনে চালু করা হয়েছে নতুন ই-কনস্যুলার অটোমেশন সিস্টেম।
বুধবার (২৮ অক্টোবর) বাংলাদেশ হাইকমিশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন এই সিস্টেমে অপটিক্যাল ক্যারেক্টার রিকগনিশন (ওসিআর) প্রযুক্তির মাধ্যমে পাসপোর্ট ও অন্যান্য প্রয়োজনীয় নথির তথ্য যাচাই করা যাবে। পাশাপাশি ইউনিক কিউআর কোড ব্যবহার করে নথির সত্যতা যাচাই এবং ডিজিটাল রেকর্ড সংরক্ষণের সুবিধা থাকবে।
নতুন ব্যবস্থায় যুক্ত করা হয়েছে ডিজিটাল অ্যাপয়েন্টমেন্ট ও আবেদন পর্যবেক্ষণের সুবিধা। এর মাধ্যমে অনলাইনে আবেদন গ্রহণ, পেমেন্ট স্লিপ তৈরি, প্রয়োজনীয় নথি ব্যবস্থাপনা এবং আবেদন প্রক্রিয়ার অগ্রগতি পর্যবেক্ষণ করা সম্ভব হবে।
কনস্যুলার ফি পরিশোধের জন্য পয়েন্ট অব সেল (পিওএস) মেশিনের পাশাপাশি ডেবিট ও ক্রেডিট কার্ড, টাচ এন গো এবং কিউআর কোডের মাধ্যমে ডিজিটাল পেমেন্টের ব্যবস্থাও রাখা হয়েছে।
হাইকমিশন জানিয়েছে, সেবা নিতে আগ্রহীদের সঠিক তথ্যসহ পাসপোর্ট, ভিসা ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্রের মূল কপি অথবা নির্ধারিত নথি সঙ্গে নিয়ে হাইকমিশনে উপস্থিত হতে হবে। নির্ধারিত ফি অনুমোদিত পদ্ধতিতে পরিশোধ করে রসিদ সংগ্রহেরও পরামর্শ দেওয়া হয়েছে।
হাইকমিশনের আশা, নতুন এই ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের কনস্যুলার সেবার মান উন্নত হবে, সেবা প্রদানে স্বচ্ছতা বাড়বে এবং আবেদন নিষ্পত্তির প্রক্রিয়া আরও সহজ ও গতিশীল হবে।