আন্তর্জাতিক ডেস্ক
ইরানের নিয়ন্ত্রণে থাকা গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালীতে নৌ-মাইনে আঘাত পেয়ে চারটি তেলবাহী ট্যাংকারে আগুন লাগার ঘটনা ঘটেছে। গত ২৪ ঘণ্টায় এসব ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ইরানের সামরিক বাহিনী।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনী জানিয়েছে, বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দেওয়া এক বিবৃতিতে বলা হয়, হরমুজ প্রণালীর দক্ষিণের একটি অননুমোদিত রুট দিয়ে চলাচলের চেষ্টা করার সময় তিনটি তেলবাহী ট্যাংকার নৌ-মাইনে আঘাত পায়। এতে বিস্ফোরণের ঘটনা ঘটে এবং জাহাজগুলোতে আগুন ধরে যায়।
বিবৃতিতে ট্যাংকারগুলোকে ‘নিয়ম লঙ্ঘনকারী’ হিসেবে উল্লেখ করেছে আইআরজিসি। তাদের দাবি, নির্ধারিত ও অনুমোদিত পথ এড়িয়ে চলাচলের চেষ্টা করার সময় এসব দুর্ঘটনা ঘটে।
এদিকে, বৃহস্পতিবার পরে হরমুজ প্রণালীর পূর্ব অংশে আরও একটি তেলবাহী ট্যাংকারে আগুন লাগার খবর জানায় ইরানের সেনাবাহিনী। তাদের ভাষ্য অনুযায়ী, সীমাবদ্ধ ও বিপজ্জনক হিসেবে চিহ্নিত এলাকায় চলাচলের সময় জাহাজটি নৌ-মাইনে আঘাত পায়। এরপরই এতে আগুন ধরে যায়।
উল্লেখ্য, এসব ঘটনার এক দিন আগে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের কয়েকটি রুট মাইনমুক্ত করার কথা জানিয়েছিল যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালী দিয়ে বিপুল পরিমাণ অপরিশোধিত তেল ও জ্বালানি পরিবহন করা হয়। এ জলপথে সাম্প্রতিক এসব ঘটনায় আন্তর্জাতিক নৌ-বাণিজ্য ও জ্বালানি সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।