আন্তর্জাতিক ডেস্ক
ইসরায়েলের সাধারণ নির্বাচনের চূড়ান্ত ফলাফলে কোনো দল বা জোট একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে না পারায় সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ফলে দেশটির রাজনীতিতে এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে আরব দলগুলো। সরকার গঠনের সমীকরণে তারাই হয়ে উঠেছে সম্ভাব্য ‘কিংমেকার’।
ইসরায়েলি সংবাদমাধ্যম দ্য জেরুজালেম পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির সেন্ট্রাল ইলেকশন কমিটির প্রকাশিত চূড়ান্ত ফলাফলে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ডানপন্থী জোট পেয়েছে ৫৩টি আসন। অন্যদিকে বিরোধী জোট পেয়েছে ৪৮টি আসন। সরকার গঠনের জন্য প্রয়োজন ৬১টি আসন।
নির্বাচনে নেতানিয়াহুর লিকুদ পার্টি ২৭টি আসন পেয়ে নেসেটের একক বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করলেও সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে পারেনি। অন্যদিকে ১৯টি আসন পাওয়া আরব দলগুলো এখন সরকার গঠনের সমীকরণে গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে।
নেতানিয়াহু শেষ পর্যন্ত ক্ষমতা হারালে তাকে বেশ কিছু আইনি ও রাজনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হতে পারে। দীর্ঘদিন ধরে চলমান দুর্নীতির অভিযোগের বিচারপ্রক্রিয়ায় তাকে জবাবদিহি করতে হবে। পাশাপাশি ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার সময় ইসরায়েলের নিরাপত্তাব্যবস্থার ব্যর্থতা নিয়ে আনুষ্ঠানিক ও নিরপেক্ষ তদন্তের দাবিও জোরালো হতে পারে।
আরব দলগুলো সরাসরি সরকারে অংশ না নিলেও নেসেটে বিরোধী জোটকে সমর্থন দিয়ে রাজনৈতিক প্রভাব বিস্তারের সুযোগ পেতে পারে। এর অংশ হিসেবে নতুন স্পিকার নির্বাচনে বিরোধীদের সমর্থন দেওয়া হতে পারে। এতে নেসেটের কার্যক্রম ও আইন প্রণয়নের ক্ষেত্রে আরব দলগুলোর প্রভাব বাড়তে পারে।
নেতানিয়াহুর প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ও সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোট ইতোমধ্যে নির্দিষ্ট কিছু শর্তে আরব জোটের সঙ্গে কাজ করার আগ্রহের ইঙ্গিত দিয়েছেন।
আরব নেতৃত্বাধীন যৌথ তালিকার দ্বিতীয় শীর্ষ নেতা আহমেদ তিবি আর্মি রেডিওকে জানিয়েছেন, স্পিকার পরিবর্তনের বিষয়ে বিরোধী জোটের পক্ষ থেকে তার সঙ্গে যোগাযোগ করা হয়েছে। বিরোধীদের প্রার্থীকে সমর্থন দেওয়ার বিষয়েও আশ্বাস পাওয়া গেছে বলে জানান তিনি।
তবে কোনো পক্ষই শেষ পর্যন্ত সরকার গঠনে প্রয়োজনীয় সমর্থন নিশ্চিত করতে না পারলে আগামী বছরের শুরুতে ইসরায়েলে আবারও সাধারণ নির্বাচন হতে পারে।
এদিকে নির্বাচনের ফলাফল নিয়ে বিতর্ক তৈরি করেছে নেতানিয়াহুর দল লিকুদ পার্টি। চূড়ান্ত গণনায় সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ার বিষয়টি স্পষ্ট হওয়ার পর দলটির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, বিদেশি সহায়তায় আরব দলগুলো নির্বাচন ‘চুরি’ করেছে। তবে এ অভিযোগের পক্ষে কোনো তথ্যপ্রমাণ উপস্থাপন করা হয়নি।
নেতানিয়াহুর দলের এ অভিযোগের বিরোধিতা করেছে বিরোধী দলগুলো। তাদের দাবি, নির্বাচনে আরব দলগুলোর সাফল্যকে প্রশ্নবিদ্ধ করা এবং আরব জনগোষ্ঠীর রাজনৈতিক বৈধতা ক্ষুণ্ন করতেই এমন অভিযোগ তোলা হচ্ছে।
সূত্র: এনডিটিভি, দ্য জেরুজালেম পোস্ট