আন্তর্জাতিক ডেস্ক
মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে মার্কিন কূটনীতিক ও কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করার তৎপরতা বাড়িয়েছে ইরান। এমনকি কিছু প্রাণঘাতী হামলার পরিকল্পনা প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে সতর্ক করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা। এ পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে জরুরি নয়, এমন মার্কিন কূটনীতিক ও তাঁদের পরিবারের সদস্যদের সরিয়ে নেওয়া হচ্ছে।
মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক জে ক্লেটন গত ২৩ অক্টোবর পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে পাঠানো এক স্মারকে ইরানের সম্ভাব্য হামলার বিষয়ে সতর্ক করেন। গোয়েন্দা তথ্যের বরাতে স্মারকে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের পাশাপাশি বিশ্বের অন্যান্য অঞ্চলেও মার্কিন কর্মকর্তা ও কূটনীতিকদের নিশানা করার তৎপরতা উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে তেহরান।
নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের প্রতি ইরানের হুমকি বর্তমানে সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। ইউরোপের কয়েকটি সম্ভাব্য লক্ষ্যবস্তু নিয়েও ইরান পরিকল্পনা করছে বলে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন। এমনকি যুক্তরাষ্ট্রের ভেতরেও ইরানি এজেন্টদের তৎপরতার ইঙ্গিত পাওয়া গেছে বলে গোয়েন্দা তথ্যে উল্লেখ রয়েছে।
এই পরিস্থিতিতে গত ২১ অক্টোবর সৌদি আরবে অবস্থিত মার্কিন দূতাবাস থেকে জরুরি নয়, এমন কর্মী ও তাঁদের পরিবারের সদস্যদের দেশটি ছাড়ার নির্দেশ দেয় মার্কিন পররাষ্ট্র দপ্তর। একই সঙ্গে জর্ডান, বাহরাইন, কুয়েত, কাতার, সংযুক্ত আরব আমিরাত ও লেবাননের মার্কিন কূটনৈতিক মিশনগুলো থেকেও কর্মী সরিয়ে নেওয়া হচ্ছে।
এর আগে গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার মধ্য দিয়ে যুদ্ধ শুরু হয়। এর জবাবে ইরান ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটি ও মিত্রদেশগুলোর বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। বর্তমানে হরমুজ প্রণালিকে কেন্দ্র করে উত্তেজনা অব্যাহত রয়েছে।
ইরানের সামরিক সক্ষমতার অন্যতম প্রধান শক্তি দেশটির বিশাল ক্ষেপণাস্ত্রভান্ডার। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে ইরানের ক্ষেপণাস্ত্রভান্ডার সবচেয়ে বড় ও বৈচিত্র্যময়। দেশটির হাতে স্বল্প, মধ্য ও দীর্ঘপাল্লার বিভিন্ন ধরনের ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র রয়েছে। ইরানের সবচেয়ে দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পাল্লা প্রায় ২ হাজার থেকে ২ হাজার ৫০০ কিলোমিটার। এসব ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েল, উপসাগরীয় অঞ্চলে থাকা মার্কিন সামরিক ঘাঁটি এবং আশপাশের বিস্তীর্ণ এলাকায় আঘাত হানা সম্ভব।
দেশটির ক্ষেপণাস্ত্রভান্ডারে ফাতেহ, জলফাগর, কিয়াম-১, শাহাব-১, শাহাব-২, শাহাব-৩, এমাদ, গাদর-১, খোররামশাহ ও সেজিলের মতো ক্ষেপণাস্ত্র রয়েছে। এর মধ্যে সেজিল কঠিন জ্বালানিতে পরিচালিত হওয়ায় দ্রুত উৎক্ষেপণের জন্য প্রস্তুত করা যায়।
এ ছাড়া ড্রোন সক্ষমতাও ইরানের সামরিক শক্তির গুরুত্বপূর্ণ অংশ। শাহেদ, আবাবিল ও মোহাজের সিরিজের বিভিন্ন ড্রোন দেশটির হাতে রয়েছে। এসব ড্রোন নজরদারি, গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং হামলার কাজে ব্যবহার করা যায়। তুলনামূলক কম খরচে বিপুলসংখ্যক ড্রোন একসঙ্গে পাঠিয়ে প্রতিপক্ষের আকাশ প্রতিরক্ষাব্যবস্থার ওপর চাপ সৃষ্টি করা সম্ভব।
ইরান কয়েক বছর ধরে ভূগর্ভস্থ সুড়ঙ্গ, গোপন ঘাঁটি ও সুরক্ষিত উৎক্ষেপণকেন্দ্রে ক্ষেপণাস্ত্র সংরক্ষণ ও উৎপাদনের অবকাঠামো গড়ে তুলেছে। দেশটির বিভিন্ন প্রদেশে অন্তত পাঁচটি ভূগর্ভস্থ ‘মিসাইল সিটি’ রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এসব স্থাপনার কারণে ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা একযোগে ধ্বংস করা কঠিন হতে পারে।
অন্যদিকে, হরমুজ প্রণালি ও পারস্য উপসাগরকে কেন্দ্র করে সমুদ্রপথে চাপ তৈরির সক্ষমতাও রয়েছে তেহরানের। জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্র, নৌ-মাইন, ড্রোন ও দ্রুতগতির নৌযান ব্যবহার করে সামরিক ও বাণিজ্যিক জাহাজে হামলা চালানোর সক্ষমতা রয়েছে দেশটির।
এ ছাড়া উপসাগরের তলদেশে থাকা গুরুত্বপূর্ণ ইন্টারনেট ও যোগাযোগ কেব্ল লক্ষ্যবস্তু করার পরিকল্পনার কথাও জানিয়েছে রয়টার্স। দুই জ্যেষ্ঠ ইরানি নিরাপত্তা কর্মকর্তার বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, নতুন করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা হলে এসব যোগাযোগ অবকাঠামোয় আঘাত হানতে পারে ইরান।
ইরানের ক্ষেপণাস্ত্রের পাল্লা নিয়েও নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। গত ২০ মার্চ ভারত মহাসাগরের দিয়েগো গার্সিয়ায় অবস্থিত যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টার অভিযোগ ওঠে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইসরায়েলের কর্মকর্তাদের দাবি, ইরান ওই হামলা চালিয়েছিল। তবে তেহরান এ অভিযোগ অস্বীকার করেছে।
দিয়েগো গার্সিয়া ইরান থেকে প্রায় ৪ হাজার কিলোমিটার দূরে। এ ঘটনা ইরানের ঘোষিত ক্ষেপণাস্ত্রের সর্বোচ্চ পাল্লা নিয়ে নতুন প্রশ্ন তৈরি করেছে। তবে ইউরোপ কিংবা যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানার মতো সক্ষমতা ইরানের রয়েছে কি না, তা নিয়ে এখনো যথেষ্ট অনিশ্চয়তা রয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ২৬ অক্টোবর মিসিসিপিতে এক নির্বাচনী সমাবেশে দাবি করেন, ইরানের এমন ক্ষেপণাস্ত্র রয়েছে, যা ইউরোপ পর্যন্ত পৌঁছাতে পারে। এমনকি যুক্তরাষ্ট্রের সান ডিয়েগো ও লস অ্যাঞ্জেলেসের মতো শহরেও হামলা চালানোর সক্ষমতা রয়েছে বলে দাবি করেন তিনি।
তবে কয়েকজন মার্কিন কর্মকর্তার মতে, যুক্তরাষ্ট্রের ভেতরে কিংবা অন্যান্য দেশে ইরানের সম্ভাব্য হামলার পরিকল্পনা বাস্তবায়নের সক্ষমতা সীমিত। সব মিলিয়ে ইরানের ক্ষেপণাস্ত্র, ড্রোন, ভূগর্ভস্থ সামরিক স্থাপনা এবং সমুদ্রপথে হামলার সক্ষমতা মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ও কূটনৈতিক স্থাপনাগুলোর জন্য বড় উদ্বেগের কারণ হয়ে উঠেছে। নতুন করে যুদ্ধ শুরু হলে এসব সক্ষমতা ব্যবহার করে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের ওপর চাপ বাড়াতে পারে তেহরান।
সূত্র: বিডি প্রতিদিন, অ্যাক্সিওস, নিউইয়র্ক টাইমস, রয়টার্স, বিবিসি ও আল-জাজিরা