গরু জবাই করলে কঠোর ব্যবস্থা:শুভেন্দু অধিকারী

Date: 2026-10-30
news-banner

আন্তর্জাতিক ডেক্স


পশ্চিমবঙ্গে গরু জবাই ও গোহত্যার বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। গরুর ক্ষতি করা হলে সংশ্লিষ্টদের কঠোর পরিণতির মুখোমুখি হতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। একই সঙ্গে অবৈধভাবে ভারতে প্রবেশকারী বাংলাদেশিদের নিজ দেশে ফেরত পাঠানো এবং সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ)-এর আওতায় হিন্দু শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার প্রক্রিয়া এগিয়ে নেওয়ার কথাও বলেছেন তিনি।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ভারতের পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে আয়োজিত এক জনসভায় এসব কথা বলেন শুভেন্দু অধিকারী।

জনসভায় গরু সুরক্ষার বিষয়টি তুলে ধরে তিনি বলেন, গোমাতার নিরাপত্তা নিশ্চিত করা তাঁদের অন্যতম অগ্রাধিকার। গরুর ওপর কেউ যেন আঘাত না করে, সে বিষয়ে সতর্ক করে দেন তিনি। তাঁর ভাষ্য, গরুর ক্ষতি করা হলে এর বিরুদ্ধে তিনি কঠোর অবস্থান নেবেন।

সীমান্ত এলাকার নিরাপত্তা ও অবৈধ স্থাপনা নিয়েও বক্তব্য দেন বিজেপির এই নেতা। তিনি বলেন, দেশবিরোধী ও জাতীয়তাবিরোধী কর্মকাণ্ড প্রতিরোধে সীমান্তবর্তী এলাকায় কোনো অবৈধ মাদরাসা পরিচালনা করতে দেওয়া হবে না। এ ধরনের কার্যক্রম বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ওপরও গুরুত্ব দেন তিনি।

ভারতে অবৈধভাবে প্রবেশকারী বাংলাদেশিদের বিষয়ে শুভেন্দু অধিকারী বলেন, অনুপ্রবেশকারীদের শনাক্ত করে বাংলাদেশে ফেরত পাঠানোর উদ্যোগ নেওয়া হবে।

একই জনসভায় সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ)-এর আওতায় হিন্দু শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার প্রক্রিয়া দ্রুত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

শুভেন্দু অধিকারীর বক্তব্য অনুযায়ী, একদিকে অবৈধ অনুপ্রবেশকারীদের শনাক্ত করে ফেরত পাঠানোর উদ্যোগ নেওয়া হবে, অন্যদিকে সিএএর আওতায় যোগ্য হিন্দু শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে।

advertisement image

Leave Your Comments