বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় পতন, ব্রেন্ট ক্রুড ১০০ ডলারের নিচে

Date: 2026-11-05
news-banner

আন্তর্জাতিক ডেক্স

বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় ধরনের দরপতন হয়েছে। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টির বড় পরাজয়ের মুখে পড়ার খবরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমে ব্যারেলপ্রতি ১০০ ডলারের নিচে নেমে এসেছে।

বুধবার (৪ নভেম্বর) রাত সোয়া ১০টার দিকে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ৪ দশমিক ৭ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯৮ দশমিক ৭৬ ডলারে দাঁড়ায়। অক্টোবরের শুরুর পর এই প্রথম ব্রেন্ট ক্রুডের দাম ১০০ ডলারের নিচে নামল।

একই সময়ে যুক্তরাষ্ট্রের বাজারে অপরিশোধিত তেলের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দামও ৪ দশমিক ৫ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯১ দশমিক ৭৩ ডলারে নেমে আসে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে যাওয়ার পর আন্তর্জাতিক শেয়ারবাজারে বড় ধরনের উত্থান দেখা গেছে। এতে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিনিয়োগকারীদের অনিশ্চয়তা কিছুটা কমেছে।

এদিকে ওয়াল স্ট্রিটে যুক্তরাষ্ট্রের প্রধান তিনটি শেয়ারবাজার সূচকই ঊর্ধ্বমুখী ছিল। যোগাযোগ পরিষেবা, ভোক্তাপণ্য ও প্রযুক্তি খাতের শেয়ারের দর বৃদ্ধির কারণে এ উত্থান ঘটে। তবে বিপরীত চিত্র দেখা গেছে জ্বালানি খাতে। সবচেয়ে বেশি দরপতন হয়েছে এ খাতের শেয়ারগুলোর।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন এবং বিনিয়োগকারীদের মনোভাবের প্রভাব পড়েছে আন্তর্জাতিক আর্থিক ও জ্বালানি বাজারে। এরই ধারাবাহিকতায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে উল্লেখযোগ্য পতন দেখা গেছে।


advertisement image

Leave Your Comments