২০২৮ সালের নির্বাচন সামনে রেখে ট্রাম্পের ছায়া থেকে বেরোতে চান ভ্যান্স

Date: 2026-11-07
news-banner

অনলাইন ডেস্ক:

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির পরাজয়ের পর ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে নিজের রাজনৈতিক অবস্থান শক্তিশালী করার চেষ্টা করছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক প্রভাবের বাইরে গিয়ে অর্থনীতি, পররাষ্ট্রনীতি ও জননিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে নিজস্ব অবস্থান তুলে ধরছেন তিনি।

বার্তা সংস্থা রয়টার্সের এক বিশ্লেষণে বলা হয়েছে, মধ্যবর্তী নির্বাচনের প্রচারের শেষ দিকে ট্রাম্পের জনপ্রিয়তা কমে যাওয়ায় রিপাবলিকান প্রার্থীদের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ে। এমন পরিস্থিতিতে ভ্যান্স ট্রাম্পের বিতর্কিত নীতিগুলো, বিশেষ করে ইরান যুদ্ধ ও অভিবাসন ইস্যুতে সরাসরি অবস্থান নেওয়া এড়িয়ে নিজের রাজনৈতিক এজেন্ডাকে সামনে আনেন।

গত সেপ্টেম্বরে রিপাবলিকান পার্টির সম্মেলনের পর দেওয়া ভ্যান্সের ছয়টি বক্তৃতা পর্যালোচনা করে রয়টার্স জানিয়েছে, দলীয় প্রচারে তিনি অর্থনৈতিক জাতীয়তাবাদ, সংযত পররাষ্ট্রনীতি ও জননিরাপত্তার ওপর বেশি গুরুত্ব দিয়েছেন। তার উপদেষ্টাদের ধারণা, এসব বিষয়ে ভ্যান্সের অবস্থান ভোটারদের কাছে গ্রহণযোগ্যতা পেতে পারে।

৪২ বছর বয়সী ভ্যান্স এখনো ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দেননি। ট্রাম্পও আনুষ্ঠানিকভাবে তাকে সমর্থন জানাননি। তবে সম্ভাব্য রিপাবলিকান প্রার্থী হিসেবে তার নাম ইতোমধ্যে আলোচনায় রয়েছে। ট্রাম্পের সমর্থকদের ধরে রাখার পাশাপাশি তার বিতর্কিত রাজনৈতিক ভাবমূর্তি থেকে নিজেকে আলাদা করাই ভ্যান্সের সামনে বড় চ্যালেঞ্জ।

নির্বাচনের পর বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে রিপাবলিকানদের পরাজয়ের কারণ তুলে ধরেন ভ্যান্স। সেখানে তিনি ইরান যুদ্ধকে পরাজয়ের অন্যতম কারণ হিসেবে উল্লেখ করে দ্রুত যুদ্ধ বন্ধের আহ্বান জানান। পাশাপাশি জীবনযাত্রার ব্যয় কমানো, পররাষ্ট্রনীতি পুনর্মূল্যায়ন এবং ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক নতুন করে বিবেচনার পরামর্শ দেন।

প্রকাশ্যে এই প্রথম ইরান যুদ্ধ বন্ধের পক্ষে অবস্থান নিলেন ভ্যান্স। যুদ্ধ শুরুর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভূমিকা ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। নেতানিয়াহুর আহ্বানে ট্রাম্প ইরানে হামলা চালানোর সিদ্ধান্ত নেন। পরে ইসরায়েলের নির্বাচনে নেতানিয়াহুর প্রতিও সমর্থন জানান তিনি।

তবে হোয়াইট হাউস ও ভ্যান্সের যোগাযোগব্যবস্থার সঙ্গে পরিচিত তিন ব্যক্তি রয়টার্সকে জানিয়েছেন, ভ্যান্সের এই বক্তব্য ট্রাম্পের সঙ্গে বিরোধের কোনো ইঙ্গিত নয়। এমনকি হোয়াইট হাউসের চিফ অব স্টাফ সুসি ওয়াইলসও পোস্টটি দেওয়ার আগে বিষয়টি জানতেন।

অন্যদিকে, ইরান যুদ্ধের কারণে জ্বালানির দাম বেড়ে যাওয়াকে নির্বাচনে পরাজয়ের অন্যতম কারণ হিসেবে স্বীকার করেছেন ট্রাম্প। তবে যুদ্ধ শুরুর সিদ্ধান্তের পক্ষে নিজের অবস্থান বজায় রেখেছেন তিনি। বুধবার সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘আমি ভিন্ন কিছু করতাম না।’

ভ্যান্সের বক্তব্যকে সমর্থন জানিয়েছেন ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়রসহ কয়েকজন রক্ষণশীল নেতা। রিপাবলিকান কৌশলবিদ মাইকেল রিচির মতে, ভ্যান্সের বক্তব্য রক্ষণশীলদের মধ্যে ইরান যুদ্ধের যৌক্তিকতা এবং ২০২৮ সালের নির্বাচনে দলের নীতিগত অবস্থান নিয়ে নতুন বিতর্ক তৈরি করেছে।

রিচি বলেন, ট্রাম্পের কাছ থেকে নিজেকে আলাদা করাই ভ্যান্সের একমাত্র লক্ষ্য নয়। ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিজের প্রভাব কাজে লাগিয়ে রাজনৈতিক বিতর্কের গতিপথ নির্ধারণ করতে চাইছেন তিনি।

তবে মধ্যবর্তী নির্বাচনের ফল ভ্যান্সের রাজনৈতিক অবস্থানকেও প্রশ্নের মুখে ফেলেছে। যেসব অঙ্গরাজ্যে তিনি রিপাবলিকান প্রার্থীদের পক্ষে প্রচার চালিয়েছেন, সেখানেও দলটি পরাজিত হয়েছে। তার সমর্থিত কিছু প্রচারকৌশল নিয়েও বিতর্ক তৈরি হয়েছে। এর মধ্যে ওহাইওর গভর্নর পদপ্রার্থী বিবেক রামাস্বামীর একটি বিজ্ঞাপন উল্লেখযোগ্য। বিজ্ঞাপনটিতে বিজয়ী ডেমোক্র্যাট প্রার্থী অ্যামি অ্যাকটনের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগের সত্যতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল।

নির্বাচনে পরাজয়ের কারণ নিয়ে অন্য সম্ভাব্য রিপাবলিকান প্রার্থীরাও নিজেদের মতামত জানিয়েছেন। টেক্সাসের সিনেটর টেড ক্রুজ বলেছেন, জীবনযাত্রার ব্যয় কমাতে দল যথেষ্ট উদ্যোগ নেয়নি। ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিসের মতে, প্রার্থীরা ট্রান্সজেন্ডার ইস্যুতে বেশি গুরুত্ব দিতে গিয়ে তথ্যকেন্দ্র ও কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে ভোটারদের উদ্বেগ উপেক্ষা করেছেন। তবে এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও নীরব রয়েছেন।

নির্বাচনী প্রচারের শেষ দিনগুলোতে ভ্যান্স সরকারি স্বাস্থ্যসেবা ও দারিদ্র্যবিমোচন কর্মসূচিতে জালিয়াতি বন্ধের প্রতিশ্রুতি দেন। পাশাপাশি অভিবাসননীতি ও জীবনযাত্রার ব্যয় কমানোর বিষয়েও কথা বলেন। তবে ইরান যুদ্ধ, জ্বালানির দাম এবং ট্রাম্পের বিতর্কিত অবস্থান নিয়ে তিনি বেশির ভাগ সময় নীরব ছিলেন।

উত্তর ক্যারোলাইনায় এক নির্বাচনী জনসভায় ভ্যান্স বলেন, তিনি এমন একটি দেশ চান, যেখানে তার সন্তানেরা পরিবার গড়ে তুলতে পারবে এবং দেশটি হবে সমৃদ্ধ, স্বাধীন ও স্বচ্ছল। নিজের জন্য যে ভবিষ্যৎ চান, সবার জন্যও তেমন ভবিষ্যৎ গড়ে তুলতে চান বলে জানান তিনি।

ডেমোক্র্যাট কৌশলবিদ ইগর ভলস্কির মতে, ২০২৮ সালের নির্বাচনে ভ্যান্সের জন্য বড় চ্যালেঞ্জ হবে ট্রাম্পের সমর্থন ধরে রাখার পাশাপাশি সাধারণ নির্বাচনে গ্রহণযোগ্যতা তৈরি করা। কারণ, ডেমোক্র্যাটরা ভ্যান্স কিংবা অন্য কোনো রিপাবলিকান প্রার্থীকে ট্রাম্পের রাজনৈতিক অবস্থানের সঙ্গে সম্পৃক্ত করে প্রচার চালাতে পারে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মধ্যবর্তী নির্বাচনের পর ভ্যান্সের সাম্প্রতিক অবস্থান শুধু রিপাবলিকানদের পরাজয়ের কারণ অনুসন্ধান নয়; বরং ট্রাম্প-পরবর্তী সময়ে দলের নেতৃত্বে নিজের অবস্থান তৈরি করার প্রচেষ্টারও অংশ।


advertisement image

Leave Your Comments