আন্তর্জাতিক ডেক্স
ইরানের তৈরি ক্ষেপণাস্ত্রের পাল্লার ওপর থাকা সব ধরনের সীমাবদ্ধতা তুলে নেওয়া হয়েছে বলে দাবি করেছে দেশটির ইসলামি বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি)। যেকোনো ধরনের সামরিক হুমকির কঠোর জবাব দিতে ইরান প্রস্তুত বলেও হুঁশিয়ারি দিয়েছেন বাহিনীটির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মহেব্বি।
শনিবার (৭ নভেম্বর) তেহরানের একটি সাংস্কৃতিক কেন্দ্রে ‘আইআরজিসি মহাকাশ সপ্তাহ’ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সংবাদ সম্মেলনে মহেব্বি জানান, নিজস্ব প্রযুক্তি ও ভৌগোলিক সুবিধা কাজে লাগিয়ে ইরান মাটির নিচে অসংখ্য ‘মিসাইল সিটি’ বা গোপন ক্ষেপণাস্ত্র ঘাঁটি তৈরি করেছে। শত্রুপক্ষের ধারাবাহিক বোমাবর্ষণের মধ্যেও দেশটির সামরিক উৎপাদন কার্যক্রম বন্ধ হয়নি। বরং অস্ত্র উৎপাদনের কারখানাগুলোকে আরও নিরাপদ করতে মাটির নিচে স্থানান্তর করা হয়েছে।
তিনি আরও দাবি করেন, অতীতে যুক্তরাষ্ট্রের চাপিয়ে দেওয়া যুদ্ধের সময় ইরান শত্রুপক্ষের ২৬০টি বিমান ভূপাতিত করেছিল। এ ছাড়া গত দুই সপ্তাহে তাদের বাহিনী শত্রুপক্ষের সাতটি এমকিউএম-১৭০ নজরদারি ড্রোন অক্ষত অবস্থায় নামিয়ে আনতে সক্ষম হয়েছে।
যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে সতর্ক করে আইআরজিসির এই মুখপাত্র বলেন, তাদের কোনো ভুল হিসাবের কারণে ইরানকে নতুন করে যুদ্ধে জড়াতে হলে এর জবাব হবে অত্যন্ত কঠোর। সেই জবাবের প্রভাব প্রতিপক্ষকে বহু বছর ধরে অনুভব করতে হবে। ভবিষ্যতে আবার যুদ্ধ শুরু হলে ইরানের এমন কিছু নতুন সামরিক সক্ষমতা সামনে আসবে, যা শত্রুপক্ষকে বিস্মিত করবে।
সংবাদ সম্মেলনে আইআরজিসি মহাকাশ বাহিনীর তিনটি বড় অর্জনের কথাও তুলে ধরেন মহেব্বি। তাঁর দাবি, প্রথমত, বিদেশি অস্ত্রের ওপর নির্ভরতা কমিয়ে নিজস্ব প্রযুক্তিতে সামরিক সরঞ্জাম তৈরি করতে সক্ষম হয়েছে ইরান। দ্বিতীয়ত, ‘আরমান’ ক্ষেপণাস্ত্র, ‘৩৫৮’ ড্রোন এবং ‘খোরদাদ-৩’ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মতো সামরিক সরঞ্জাম তৈরি করে বিদেশেও রপ্তানি করছে দেশটি। তৃতীয়ত, সামরিক সরঞ্জাম উৎপাদনে ইরান এখন অনেকাংশে স্বনির্ভর।
তিনি জানান, আইআরজিসির এসব নতুন সামরিক প্রযুক্তি চলতি মহাকাশ সপ্তাহে সাধারণ মানুষের সামনে প্রদর্শন করা হবে।
সূত্র: মেহের নিউজ