আন্তর্জাতিক ডেস্ক:
পাকিস্তানের সামরিক সক্ষমতা বৃদ্ধি এবং চীনসহ প্রভাবশালী আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের ফলে নতুন কৌশলগত চ্যালেঞ্জের মুখে পড়ছে ভারত। অপারেশন সিন্দুরের পরও পাকিস্তানের সামরিক প্রস্তুতি ও আধুনিক অস্ত্র সংগ্রহের উদ্যোগ অব্যাহত থাকায় দিল্লিকে প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করার প্রয়োজনীয়তার কথা উঠে এসেছে।
ভারতের সামরিক সক্ষমতা তুলনামূলকভাবে এগিয়ে থাকলেও সেই অবস্থান ধরে রাখতে আত্মনির্ভরতা, ধারাবাহিক আধুনিকায়ন এবং অভ্যন্তরীণ নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় বাড়তি গুরুত্ব দিতে হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
দ্য হিন্দুস্তান টাইমস সোমবার (৯ নভেম্বর) জানায়, পত্রিকাটির নির্বাহী সম্পাদক শিশির গুপ্তা ‘পয়েন্ট ব্ল্যাঙ্ক’ অনুষ্ঠানে জ্যেষ্ঠ উপস্থাপক আয়েশা ভার্মার সঙ্গে আলোচনায় ভারত-পাকিস্তান সামরিক প্রতিযোগিতার বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁর মতে, এই প্রতিযোগিতা শুধু যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র কিংবা ডুবোজাহাজের মধ্যে সীমাবদ্ধ নয়; এর সঙ্গে কূটনৈতিক তৎপরতা, গোয়েন্দা কার্যক্রম এবং তথ্যযুদ্ধও জড়িত।
আলোচনায় পাকিস্তানের চীনা তৈরি পঞ্চম প্রজন্মের জে-২০ যুদ্ধবিমান সংগ্রহের সম্ভাবনা বিশেষ গুরুত্ব পায়। গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে শিশির গুপ্তা দাবি করেন, ২০২৭ সালের জানুয়ারি বা ফেব্রুয়ারির মধ্যে পাকিস্তান প্রথম জে-২০ যুদ্ধবিমান পেতে পারে। তবে এ সময়সূচিতে পরিবর্তন আসার সম্ভাবনাও রয়েছে। পাকিস্তানি পাইলটরা ইতোমধ্যে চীনে প্রশিক্ষণ নিচ্ছেন বলেও দাবি করেন তিনি।
তবে পাকিস্তানের কাছে জে-২০ যুদ্ধবিমান সরবরাহের বিষয়টি এখনো নিশ্চিত নয়। গুপ্তার আশঙ্কা, উন্নত প্রযুক্তির যুদ্ধবিমানের সঙ্গে দূরপাল্লার আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র যুক্ত হলে পাকিস্তানের বিমানবাহিনীর সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে।
অপারেশন সিন্দুরে ব্যবহৃত পিএল-১৫ ক্ষেপণাস্ত্রের পাশাপাশি আরও উন্নত পিএল-১৬ ও পিএল-১৭ ক্ষেপণাস্ত্রের বিষয়েও আলোচনা করেন তিনি। এসব ক্ষেপণাস্ত্রের উন্নত প্রযুক্তি এবং দূরপাল্লার সক্ষমতা আঞ্চলিক সামরিক ভারসাম্যে প্রভাব ফেলতে পারে বলে তাঁর মত।
বিশেষ করে পিএল-১৭ ক্ষেপণাস্ত্রকে শত্রুপক্ষের গুরুত্বপূর্ণ সামরিক বিমান, আগাম সতর্কীকরণ ও নিয়ন্ত্রণব্যবস্থার বিমান এবং জ্বালানি সরবরাহকারী বিমানের জন্য সম্ভাব্য চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন গুপ্তা।
এদিকে চীনের ডব্লিউএস-১৫ ইঞ্জিনের কার্যক্ষমতা ও দীর্ঘস্থায়িত্ব নিয়ে সংশয় প্রকাশ করেন তিনি। তবে প্রযুক্তিগত সীমাবদ্ধতা থাকলেও পাকিস্তানের সম্ভাব্য আধুনিক যুদ্ধবিমান সংগ্রহের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত বলে মনে করেন তিনি।
শিশির গুপ্তার মতে, ফিল্ড মার্শাল আসিম মুনিরের নেতৃত্বে পাকিস্তানের সামরিক শক্তি বৃদ্ধির উদ্যোগ শুধু যুদ্ধবিমান সংগ্রহের মধ্যে সীমাবদ্ধ নেই। আর্থিক সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও দেশটির সামরিক নেতৃত্ব প্রতিরক্ষা খাতে ব্যয় ও অস্ত্র সংগ্রহকে অগ্রাধিকার দিতে পারে।
এ ক্ষেত্রে চীনের তৈরি এইচকিউ-৯বি আকাশ প্রতিরক্ষাব্যবস্থা, আটটি ইউয়ান বা হ্যাঙ্গর শ্রেণির ডুবোজাহাজ, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এবং চীন ও তুরস্কের তৈরি সশস্ত্র ড্রোনের কথা তুলে ধরেন তিনি।
এসব আধুনিক সামরিক সরঞ্জাম পাকিস্তানের আকাশ, স্থল ও সমুদ্রপথের প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর অংশ হতে পারে বলে তাঁর বিশ্লেষণ।
বিশেষ করে চালকবিহীন আকাশযান এবং লোইটারিং মিউনিশনের ব্যবহার ভবিষ্যতের সামরিক প্রতিযোগিতায় নতুন মাত্রা যোগ করতে পারে। এসব প্রযুক্তি নজরদারি থেকে শুরু করে সামরিক অভিযানে বিভিন্ন কাজে ব্যবহৃত হয়।
সব মিলিয়ে পাকিস্তানের সামরিক আধুনিকায়ন, চীনের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা এবং নতুন অস্ত্র সংগ্রহের সম্ভাবনাকে ভারতের জন্য গুরুত্বপূর্ণ কৌশলগত চ্যালেঞ্জ হিসেবে দেখছেন শিশির গুপ্তা। তাঁর মতে, আঞ্চলিক সামরিক ভারসাম্য ধরে রাখতে ভারতকে নিজস্ব প্রতিরক্ষা সক্ষমতা আরও আধুনিক ও শক্তিশালী করতে হবে।