আন্তর্জাতিক ডেক্স
তুরস্কের পশ্চিমাঞ্চলে একটি লোহা ও ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১৭ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন। দুর্ঘটনার পর কারখানায় অগ্নিকাণ্ডের সৃষ্টি হয় এবং উদ্ধারকাজ শুরু করে জরুরি সেবা সংস্থাগুলো।
সোমবার (৯ নভেম্বর) দেশটির পশ্চিমাঞ্চলীয় বন্দরনগরী ইজমিরের কাছে আলিয়াগা এলাকার হাবাস ডেমির সেলিক কারখানায় এ দুর্ঘটনা ঘটে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, কারখানায় নতুন একটি বয়লার স্থানান্তরের সময় ক্রেনটি ভেঙে পড়ে। এতে ক্রেনের সঙ্গে থাকা বিভিন্ন সরঞ্জাম নিচে থাকা চুল্লিতে পড়ে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। কর্তৃপক্ষ জানিয়েছে, নিহত ও আহত সবাই ওই কারখানার শ্রমিক। হাবাস ডেমির সেলিক তুরস্কের অন্যতম প্রধান ইস্পাত উৎপাদনকারী প্রতিষ্ঠান।
ইজমিরের গভর্নর সুলেইমান এলবান জানান, সোমবার দুপুরের দিকে বিস্ফোরণটি ঘটে। ধ্বংসস্তূপের নিচে আরও কয়েকজন আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণে পুরো এলাকা কেঁপে ওঠে। প্রথমে অনেকে ঘটনাটিকে ভূমিকম্প বলে মনে করেছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে কারখানার ভেতরে ভয়াবহ আগুন ও আকাশজুড়ে কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়।
দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান প্রথমে নিহতের সংখ্যা ১৬ বলে জানান। পরে স্বাস্থ্যমন্ত্রী কামাল মেমিশোগলু জানান, গুরুতর আহতদের একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এতে নিহতের সংখ্যা বেড়ে ১৭ হয়েছে।
কারখানাটির পরিচালনাকারী প্রতিষ্ঠান এক বিবৃতিতে জানিয়েছে, বৈদ্যুতিক আর্ক ফার্নেসে নির্ধারিত রক্ষণাবেক্ষণকাজ চলার সময় দুর্ঘটনাটি ঘটে।
এদিকে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে বিবিসির তুর্কি বিভাগ জানিয়েছে, এ ঘটনায় অন্তত পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।
তুরস্কে কর্মক্ষেত্রে নিরাপত্তা নিয়ে দীর্ঘদিন ধরেই উদ্বেগ রয়েছে। স্বাধীন সংস্থা তুর্কিশ হেলথ অ্যান্ড সেফটি লেবার ওয়াচের তথ্য অনুযায়ী, দেশটিতে কর্মক্ষেত্রে দুর্ঘটনা একটি বড় সমস্যা হিসেবে রয়ে গেছে।
সূত্র: বিবিসি।