আন্তর্জাতিক ডেক্স
কানাডায় স্থায়ীভাবে বসবাসের (পিআর) প্রত্যাশীদের জন্য নতুন সুযোগ তৈরি হচ্ছে। গ্রামীণ ও ছোট শহরগুলোতে দক্ষ বিদেশি কর্মী আকর্ষণে পরীক্ষামূলক কর্মসূচিকে স্থায়ী রূপ দিচ্ছে দেশটির সরকার। ‘রুরাল কমিউনিটি ইমিগ্রেশন প্রোগ্রাম’ (আরসিআইপি) নামে নতুন কর্মসূচিটি ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে। এর আওতায় নির্দিষ্ট কিছু গ্রামীণ ও প্রত্যন্ত এলাকায় চাকরির সুযোগ নিয়ে স্থায়ী বসবাসের আবেদন করতে পারবেন যোগ্য বিদেশি কর্মীরা।
কানাডার অভিবাসন, শরণার্থী ও নাগরিকত্ববিষয়ক বিভাগ (আইআরসিসি) জানিয়েছে, নতুন কর্মসূচির মাধ্যমে ছোট শহর ও গ্রামীণ এলাকার নিয়োগকর্তারা প্রয়োজন অনুযায়ী দক্ষ বিদেশি কর্মী নিয়োগ দিতে পারবেন। একই সঙ্গে এসব এলাকায় চাকরির সুযোগ পাওয়া যোগ্য প্রার্থীরা স্থায়ীভাবে বসবাসের আবেদন করার সুযোগ পাবেন।
প্রাথমিকভাবে আগের পাইলট প্রকল্পে অংশ নেওয়া ১৪টি কমিউনিটিকে নতুন কর্মসূচির আওতায় রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে আলবার্টার ক্লেয়ারশোলম, ব্রিটিশ কলাম্বিয়ার ওয়েস্ট কুটেনি, নর্থ ওকানাগান-শুসওয়াপ ও পিস লিয়াড। এ ছাড়া অন্টারিও, ম্যানিটোবা, সাসকাচুয়ান ও নোভা স্কশিয়ার বিভিন্ন ছোট শহরও রয়েছে।
আবেদনে যেসব যোগ্যতা লাগবে
এই কর্মসূচিতে আবেদন করতে হলে প্রথমেই তালিকাভুক্ত কোনো কমিউনিটির অনুমোদিত নিয়োগকর্তার কাছ থেকে বৈধ চাকরির প্রস্তাব থাকতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট কমিউনিটির সুপারিশপত্র বা কমিউনিটি রেকমেন্ডেশন সার্টিফিকেট সংগ্রহ করতে হবে।
আবেদনকারীর গত তিন বছরের মধ্যে সংশ্লিষ্ট পেশায় অন্তত এক বছরের বা ১ হাজার ৫৬০ ঘণ্টার বেতনভুক্ত কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এ ছাড়া ইংরেজি অথবা ফরাসি ভাষায় দক্ষতা, প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা এবং কানাডায় বসবাসের জন্য পর্যাপ্ত আর্থিক সামর্থ্যের প্রমাণ দিতে হবে।
ভাষাগত দক্ষতার ক্ষেত্রে চাকরির ধরন অনুযায়ী ভিন্ন শর্ত নির্ধারণ করা হয়েছে। ব্যবস্থাপনা ও উচ্চ দক্ষতাসম্পন্ন চাকরির (টিইইআর ০ ও ১) জন্য সিএলবি ৬, টিইইআর ২ ও ৩-এর জন্য সিএলবি ৫ এবং টিইইআর ৪ ও ৫-এর জন্য সিএলবি ৪ পর্যায়ের ভাষাগত দক্ষতা প্রয়োজন।
বিদেশি শিক্ষাগত সনদের ক্ষেত্রে সমমান নির্ধারণের প্রতিবেদন (ইসিএ) প্রয়োজন হতে পারে। তবে কানাডায় বৈধ ওয়ার্ক পারমিট নিয়ে কর্মরত আবেদনকারীদের আর্থিক সামর্থ্যের প্রমাণ দেওয়ার শর্তে বিশেষ ছাড় রয়েছে।
যেভাবে আবেদন করবেন
প্রথমে আবেদনকারীকে নির্ধারিত ১৪টি কমিউনিটির মধ্যে নিজের যোগ্যতা ও অভিজ্ঞতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ চাকরি খুঁজতে হবে। এরপর সংশ্লিষ্ট কমিউটির অনুমোদিত নিয়োগকর্তার কাছ থেকে চাকরির প্রস্তাব নিতে হবে।
চাকরির প্রস্তাব পাওয়ার পর নিয়োগকর্তা সংশ্লিষ্ট কমিউনিটির কাছে আবেদনকারীর সুপারিশের জন্য আবেদন করবেন। কমিউনিটির অনুমোদন বা সুপারিশ পাওয়ার পর প্রার্থী আইআরসিসির কাছে স্থায়ী বসবাসের আবেদন জমা দিতে পারবেন। তবে যেকোনো প্রতিষ্ঠানের চাকরির প্রস্তাব গ্রহণযোগ্য হবে না। নিয়োগকর্তাকে অবশ্যই সংশ্লিষ্ট কমিউনিটির অনুমোদিত হতে হবে। একই সঙ্গে চাকরিটি স্থানীয়ভাবে অগ্রাধিকারপ্রাপ্ত পেশা বা খাতের অন্তর্ভুক্ত হতে হবে।
২০২৭ সালে ৫ হাজার ৫০০ জনকে পিআর দেওয়ার লক্ষ্য
কানাডার ২০২৭–২০২৯ সালের অভিবাসন পরিকল্পনায় নতুন গ্রামীণ অভিবাসন কর্মসূচির আওতায় ২০২৭ সালে ৫ হাজার ৫০০ জনকে স্থায়ী বাসিন্দা হিসেবে নেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বড় শহরের বাইরে ছোট শহর ও প্রত্যন্ত অঞ্চলে দক্ষ কর্মীদের বসতি গড়ে তোলা, শ্রমিকসংকট মোকাবিলা এবং স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।
আইআরসিসির তথ্য অনুযায়ী, আগের রুরাল অ্যান্ড নর্দার্ন ইমিগ্রেশন পাইলট (আরএনআইপি) কর্মসূচির মাধ্যমে ১২ হাজার ৫০০-এর বেশি আবেদনকারী ও তাঁদের পরিবারের সদস্য কানাডায় স্থায়ীভাবে বসবাসের সুযোগ পেয়েছেন।
অন্যদিকে, বর্তমান আরসিআইপি পাইলট কর্মসূচিতে ১ হাজার ৯৫০টির বেশি নিয়োগকর্তা অনুমোদিত হয়েছেন। এ কর্মসূচির আওতায় ৪ হাজার ৭০০-এর বেশি চাকরির প্রস্তাব ও কমিউনিটি সুপারিশ দেওয়া হয়েছে।
পুরোনো আবেদনকারীদের জন্য কী সিদ্ধান্ত
বর্তমান রুরাল কমিউনিটি ইমিগ্রেশন পাইলট কর্মসূচি ২০২৬ সালের ৩১ ডিসেম্বর শেষ হবে। তবে এ কর্মসূচির আওতায় আগে জমা দেওয়া স্থায়ী বসবাসের আবেদনগুলোর প্রক্রিয়াকরণ অব্যাহত থাকবে। যেসব আবেদনকারীর নামে নির্ধারিত সময়ের মধ্যে কমিউনিটি সুপারিশপত্র ইস্যু করা হয়েছে, তাঁদের সেটির মেয়াদ শেষ হওয়ার আগেই স্থায়ী বসবাসের আবেদন জমা দিতে হবে।
কানাডা সরকারের নতুন এ উদ্যোগকে গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চলের শ্রমবাজারে কর্মীসংকট মোকাবিলা এবং বিদেশি দক্ষ কর্মীদের জন্য বড় শহরের বাইরে স্থায়ীভাবে বসবাসের সুযোগ তৈরির দীর্ঘমেয়াদি পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
তবে আবেদন করতে আগ্রহীদের আগে সংশ্লিষ্ট কমিউনিটির অনুমোদিত নিয়োগকর্তা, চাকরির তালিকা, ভাষাগত দক্ষতা ও অন্যান্য অভিবাসন শর্ত ভালোভাবে যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে।