উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বোন কিম ইয়ো জং বৃহস্পতিবার (২২ অক্টোবর) নতুন করে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কয়েক দিনের মধ্যেই দক্ষিণ কোরিয়াবিরোধী লাউডস্পিকারগুলো পুরো সীমান্তে প্রস্তুত অবস্থায় রাখা হবে। একই সঙ্গে নতুন প্রতিরোধমূলক ব্যবস্থাও সীমান্তজুড়ে সতর্ক অবস্থায় মোতায়েন করা হচ্ছে।
উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ-তে প্রকাশিত বিবৃতিতে কিম ইয়ো জং বলেন, “আমাদের নতুন প্রতিরোধ ব্যবস্থা পুরো দক্ষিণ সীমান্তে কর্তব্যরত অবস্থায় থাকবে এবং আরওকে (দক্ষিণ কোরিয়া) লক্ষ্য করে লাউডস্পিকারগুলো কয়েক দিনের মধ্যেই স্ট্যান্ডবাই অবস্থায় থাকবে।”
তিনি আরও সতর্ক করে বলেন, উত্তর কোরিয়ার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ অব্যাহত রাখলে দক্ষিণ কোরিয়াকে ‘সবচেয়ে ভয়াবহ ও যন্ত্রণাদায়ক পরিস্থিতির’ মুখোমুখি হতে হবে।
এর আগের দিন বুধবার (২১ অক্টোবর) কিম ইয়ো জং জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের সঙ্গে সীমান্তের দুর্গ ও প্রতিরোধব্যবস্থা পরিদর্শন করে বলেছিলেন, অক্টোবরের শেষ নাগাদ পুরো সীমান্তজুড়ে দক্ষিণ কোরিয়াবিরোধী লাউডস্পিকার সক্রিয় করা হবে। তিনি অভিযোগ করেন, উত্তর কোরিয়ার কৌশলগত সামরিক ইউনিটগুলো নতুন অবস্থান নিয়েছে এবং দক্ষিণ কোরিয়ার সেনারা উসকানিমূলক বার্তা প্রচার ও ফাঁকা গুলি ছুড়েছে।
বৃহস্পতিবারের বিবৃতিতে তিনি দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের প্রতিরক্ষা নীতি বিষয়ক বিশেষ উপদেষ্টা কিম বায়ং-জুকেও লক্ষ্য করে বলেন, তিনি ‘অসংলগ্ন কথা না বলে অবিলম্বে মুখ বন্ধ করুন’।
দক্ষিণ কোরিয়া তাদের পদক্ষেপকে ‘আইনসম্মত ও আত্মরক্ষামূলক’ বলে দাবি করেছে। সিউলের প্রতিরক্ষা ও একীভূতকরণ মন্ত্রণালয় উত্তর কোরিয়াকে আলোচনার টেবিলে ফেরার আহ্বান জানিয়েছে এবং বলেছে, উত্তর কোরিয়া হুমকি বাস্তবায়ন করলে দক্ষিণ কোরিয়াও ‘সমানুপাতিক ও উপযুক্ত জবাব’ দেবে।
প্রেসিডেন্ট লি জে-মিয়ং দায়িত্ব নেওয়ার পর দুই দেশের মধ্যে উত্তেজনা কমাতে সীমান্তে লাউডস্পিকার প্রচার বন্ধ করেছিলেন। কিন্তু সম্প্রতি সীমান্তে মাইন বিস্ফোরণে দক্ষিণ কোরিয়ার সেনা আহত হওয়ার ঘটনা এবং উত্তর কোরিয়ার সীমান্ত দুর্গ নির্মাণ কাজকে কেন্দ্র করে উত্তেজনা আবার বাড়ছে।